মিরপুরে বৃদ্ধা মায়ের প্রতি অবহেলা, যুগ্ম সচিব ছেলেকে পদ থেকে সরাল সরকার
-
এই বাসাতেই মারা যান বৃদ্ধা মা। (ইনসেট) ছেলে (যুগ্ম সচিব এ কে এম আনিসুর রহমান)
বাংলাদেশের রাজধানীর মিরপুরে ৭৫ বছর বয়সী নূরজাহান বেগমের মরদেহ উদ্ধারের ঘটনায় তার ছেলে, যুগ্ম সচিব এ কে এম আনিসুর রহমানকে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। আজ (বুধবার) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, তাকে আগের পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে এবং দ্রুত নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগ না দিলে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) হিসেবে গণ্য হবে।
এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানান, পিতা-মাতার ভরণপোষণ আইন অনুযায়ী এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য গ্রহণসহ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
গত ৩১ মে মিরপুর-১১ এলাকার একটি বাসা থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। পরে জানা যায়, মরদেহটি কয়েক দিন ধরে পড়ে ছিল এবং তা পচে গিয়েছিল।
পুলিশ জানায়, নূরজাহান বেগম তার মেয়ের বাসায় থাকতেন। ওই বাসাটি দীর্ঘদিন ধরে অগোছালো ও অস্বাস্থ্যকর অবস্থায় ছিল। তার এক ছেলে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, আরেক ছেলে বুয়েট শিক্ষক এবং এক মেয়ে স্থানীয় স্কুলশিক্ষক।
স্থানীয়দের অভিযোগ, বৃদ্ধা নারীর এমন মৃত্যু সন্তানদের অবহেলার কারণে ঘটেছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়।
এদিকে পিতা-মাতার ভরণপোষণ আইন অনুযায়ী, প্রত্যেক সন্তানকে তার পিতা-মাতার দেখভালের দায়িত্ব নিতে হবে। আইন লঙ্ঘনের ক্ষেত্রে জরিমানা ও কারাদণ্ডের বিধান রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন।
ঘটনাটি নিয়ে এলাকায়ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এ ধরনের মৃত্যুকে অমানবিক বলে মন্তব্য করেছেন এবং বিষয়টির সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।#
পার্সটুডে/এমএআর/৩