ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকান সিনেটরের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের তুমুল ঝগড়া
-
প্রেসিডেন্ট ট্রাম্প
পার্সটুডে- ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকান সিনেটরদের সঙ্গে গতকাল বুধবার রুদ্ধদ্বার এক বৈঠকে তীব্র সমালোচনার মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই বৈঠকের কিছুক্ষণ পর ট্রাম্প প্রশাসন ইরান যুদ্ধের ব্যয় মেটাতে কংগ্রেসের কাছে কয়েক হাজার কোটি ডলার অতিরিক্ত বরাদ্দ চায়।
পার্সটুডে জানিয়েছে, বৈঠকে উপস্থিত কয়েকজন রিপাবলিকান সিনেটর বলেন, বৈঠকে ট্রাম্পের সঙ্গে রিপাবলিকান সিনেটর বিল ক্যাসিডির তীব্র বাগ্বিতণ্ডা হয়।
ক্যাসিডি বলেছেন, গত সপ্তাহে ট্রাম্প ইরানের সঙ্গে যে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন, তা নিয়ে তাঁর প্রশাসনের আরও ব্যাখ্যা দেওয়া প্রয়োজন।
প্রাথমিক ওই চুক্তিতে ইরানকে আর্থিক প্রণোদনা দেওয়া হলেও যুদ্ধের শুরুতে ট্রাম্প যেসব লক্ষ্যের কথা বলেছিলেন, সেগুলোর পূর্ণ বাস্তবায়ন হয়নি।
ক্যাসিডি সাংবাদিকদের আরও বলেন, ‘আমাদের যা বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের জনগণের তার চেয়ে বেশি জানা প্রয়োজন। যদিও আমি নিশ্চিতভাবে জানি না। তবে মনে হচ্ছে, বিষয়টি আমাদের যেভাবে বলা হয়েছে, সেভাবে এগোচ্ছে না।’
রিপাবলিকান শিবিরে চাপ বাড়ছে
এদিকে, চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। মধ্যবর্তী নির্বাচনের ফলাফল নির্ধারণ করবে কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে। ইরান যুদ্ধ নিয়ে বুধবার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তাঁরই দলের এক সদস্যের উত্তপ্ত বাক্যবিনিময় দেখিয়ে দিচ্ছে, এ যুদ্ধ নভেম্বরের নির্বাচনের আগে প্রেসিডেন্ট এবং তাঁর দলের ওপর কতটা চাপ সৃষ্টি করছে।
গত বছর দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর বর্তমানে ট্রাম্পের জনসমর্থন সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। ইপসোসের এক জরিপে দেখা গেছে, প্রতি চারজন মার্কিন নাগরিকের মধ্যে মাত্র একজন মনে করেন, ইরান যুদ্ধ যথার্থ ছিল।#
পার্সটুডে/এমআরএইচ/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।