আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা খামেনেয়ীর দৃষ্টিতে নামাজের গুরুত্ব
https://parstoday.ir/bn/news/event-i163826-আয়াতুল্লাহ_সাইয়্যেদ_মুজতাবা_খামেনেয়ীর_দৃষ্টিতে_নামাজের_গুরুত্ব
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা খামেনেয়ী মনে করেন, নামাজের মাধ্যমে কাঙ্ক্ষিত ইসলামী সভ্যতা প্রতিষ্ঠা সম্ভব। তিনি সম্প্রতি জাতীয় নামাজ সম্মেলন উপলক্ষে দেওয়া বার্তায় নামাজ সম্পর্কে যেসব কথা বলেছেন সেগুলোর গুরুত্বপূর্ণ অংশ এখানে তুলে ধরা হলো:
(last modified 2026-10-10T05:09:29+00:00 )
অক্টোবর ০৯, ২০২৬ ২০:৩৪ Asia/Dhaka
  • আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা হোসেইনি খামেনেয়ী
    আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা হোসেইনি খামেনেয়ী

পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা খামেনেয়ী মনে করেন, নামাজের মাধ্যমে কাঙ্ক্ষিত ইসলামী সভ্যতা প্রতিষ্ঠা সম্ভব। তিনি সম্প্রতি জাতীয় নামাজ সম্মেলন উপলক্ষে দেওয়া বার্তায় নামাজ সম্পর্কে যেসব কথা বলেছেন সেগুলোর গুরুত্বপূর্ণ অংশ এখানে তুলে ধরা হলো:

*নামাজ মহান আল্লাহর অন্যতম সুন্দর ও মহামূল্যবান নেয়ামত। এটি দ্বীনের শ্রেষ্ঠ ভিত্তি, প্রতীক ও স্তম্ভ। আমাদের প্রত্যেকের জন্য এটি অসীম ও চিরস্থায়ী ঐশী উৎসের সঙ্গে সরাসরি ও ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের সংযোগসূত্র।

*নামাজ হলো সাফল্য ও মুক্তির অমৃত এবং পবিত্র জীবনের অন্যতম ভিত্তি। এটি একদিকে নফসের শয়তান ও দুনিয়ার শয়তানদের বিরুদ্ধে সংগ্রামে মানুষের দৃঢ় ও অবিচ্ছিন্ন অবলম্বন এবং অফুরন্ত সঞ্চয়। অন্যদিকে ভালোবাসা, আশা, মমতা ও প্রশান্তির এক সদা প্রবহমান ঝরনা।

* নিঃসন্দেহে নামাজ নিয়ে কথা বলা বা লেখা এমন এক বিষয়, যা ঐশী ওহি এবং মহানবী (সা.) ও নিষ্পাপ ইমামদের (আ.) বাণীর মর্যাদা ও মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আর আমার মতো ব্যক্তির কলম নামাজের গভীর জ্ঞান ও তাৎপর্য নিয়ে কিছু লেখার জন্য অত্যন্ত ক্ষুদ্র।

* নামাজ কেবল ব্যক্তিগত দায়িত্ব নয়। কোরআনের শিক্ষা অনুযায়ী, নামাজ কায়েম করা হলো নেক বান্দাদের শাসন প্রতিষ্ঠার প্রথম ফল ও নিদর্শন। যেমন বলা হয়েছে— “(এরা হলো তারা) যাদেরকে আমি পৃথিবীতে প্রতিষ্ঠিত করলে তারা নামাজ প্রতিষ্ঠা করে (সূরা হাজ্ব, আয়াত ৪১)”

*এর ফলে এটা স্পষ্ট যে, আল্লাহর স্মরণ (জিকির), তাঁর প্রতি আশা ও আস্থার দৃঢ় ভিত্তি হিসেবে নামাজ কায়েম করার বিষয়টি জিহাদ, সংগ্রাম ও বিজয়ের ময়দানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে—বিশেষ করে সেই সংগ্রামের ময়দানে, যা বর্তমানে ইরানের জনগণের সামনে রয়েছে। এই আয়াতটি পবিত্র সূরা হজে মহান আল্লাহকে সাহায্যকারী এবং তাঁর পথে জিহাদকারী বান্দাদের জন্য আল্লাহর সাহায্যের প্রতিশ্রুতি সংবলিত আয়াতের ঠিক পরেই এসেছে।

*বর্তমানে প্রিয় ইরানের জনগণের শক্তি ও সামর্থ্য আগের চেয়ে আরও বেশি সুসংহত হয়েছে। তাই সমগ্র জাতির প্রত্যেক সদস্যের প্রতি আল্লাহর এই বারবার উচ্চারিত নির্দেশ প্রযোজ্য— “তোমরা নামাজ কায়েম করো”।

*যে দেশে পবিত্র মুহাম্মদি ইসলামের (সা.) পতাকা উড্ডীন হয়েছে এবং ইসলামী শাসন প্রতিষ্ঠার গৌরব অর্জিত হয়েছে, সেখানে নামাজকে তার পূর্ণাঙ্গ সব পর্যায়ে কায়েম করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোর অন্যতম। ইসলামী আন্দোলন ও বিপ্লবের পর্যায় থেকে ইসলামী সমাজ প্রতিষ্ঠার পর্যায়ে অগ্রসর হওয়ার পথ সুগম করতে নামাজ কায়েম করা অপরিহার্য। এরপরই ইসলামী সভ্যতার পর্যায়ে পৌঁছানো সম্ভব হবে।#

পার্সটুডে/এসএ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।