রিয়াদ বিমানবন্দরে হামলায় বাংলাদেশের তীব্র নিন্দা
ইয়েমেনি হামলার শিকার রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকায় বাংলাদেশের ৫টি ফ্লাইট বাতিল
-
ইয়েমেনি হামলার শিকার রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকায় বাংলাদেশের ৫টি ফ্লাইট বাতিল
পার্সটুডে: সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলনের নেতৃত্বাধীন সরকারের অনুগত সেনাদের ক্ষেপণাস্ত্র হামলার কারণে বন্ধ রয়েছে রিয়াদ বিমানবন্দর। এর ফলে বাংলাদেশ থেকে দেশটিতে ৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
আজ রোববার সকালে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ তথ্য নিশ্চিত করেছে।
বাতিল করা ফ্লাইটগুলো হলো— বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, সৌদিয়া এবং রিয়াদ এয়ারের ফ্লাইট।
এদিকে শনিবার মধ্যরাতে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলায় দুই বাংলাদেশিসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩০৯ জন।
রোববার ভোরে এক বিবৃতিতে দেশটির জেনারেল অথরিটি অফ সিভিল এভিয়েশন (জিএসিএ) জানায়, শনিবার গভীর রাতের ওই হামলায় চারজন সৌদি নাগরিক, দুজন বাংলাদেশি এবং একজন করে মার্কিন, মিশরীয়, জর্দানি, সিরীয়, ফিলিস্তিনি ও সুদানি নাগরিক নিহত হয়েছেন।
এদিকে সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। রোববার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ হামলার নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, হামলায় দুই বাংলাদেশি নাগরিকের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে আরো অনেকে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হামলায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশ।
ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা আশ্বাস দিয়ে বিবৃতিতে জানানো হয়, নিহত ও আহত বাংলাদেশিদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে রিয়াদে বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।
বিবৃতিতে আরো বলা হয়, বেসামরিক মানুষের জীবন বিপন্ন করা এবং বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ করতে হবে।
এ ঘটনায় সৌদি আরব সরকার ও দেশটির জনগণের প্রতি সংহতি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। পাশাপাশি চলমান সংকটের প্রেক্ষাপটে অবিলম্বে সংঘাত বন্ধ, বেসামরিক নাগরিক ও স্থাপনার সুরক্ষা নিশ্চিত এবং আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংকটের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে ঢাকা। #
পার্স টুডে/এমএএইচ/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।