'মৃত্যুদণ্ডকে মার্কিন সরকারের ক্ষমতা প্রদর্শনের হাতিয়ারে পরিণত করছে'
সাবেক মার্কিন মুসলিম বিদ্রোহী সেনার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের পরিকল্পনায় বাড়ছে প্রতিবাদ
-
৫৬ বছর বয়স্ক মার্কিন মুসলিম চিকিৎসক-সেনা মেজর নিদাল হাসানে
পার্সটুডে: ফোর্ট হুড সামরিক ঘাঁটির অভিযুক্ত ব্যক্তির মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের বিষয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত নতুন করে উদ্বেগের ঢেউ সৃষ্টি করেছে। এই পরিকল্পনা সহিংসতাকে স্বাভাবিক করে তোলার এবং মৃত্যুদণ্ডকে মার্কিন সরকারের ক্ষমতা প্রদর্শনের হাতিয়ারে পরিণত করার আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। প্রতিবাদকারীদের মধ্যে রয়েছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ চতুর্দশ লুই।
ইরনা সংবাদ সংস্থার বরাতে পার্সটুডে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ এমন একটি পরিকল্পনার কথা ঘোষণা করেছেন, যার আওতায় টেক্সাস অঙ্গরাজ্যের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ২০০৯ সালে গুলিবর্ষণের ঘটনায় দায়ী নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করা হবে।
ট্রাম্প প্রশাসন সাম্প্রতিক বছরগুলোতে সামরিক শক্তি প্রদর্শন এবং সহিংস অভিযানের ছবি প্রকাশের মাধ্যমে নিজেদের শক্তিশালী ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করেছে। এমন পরিস্থিতিতে মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের পরিকল্পনা এই উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে যে, মৃত্যুদণ্ডকে কেবল বিচারিক প্রক্রিয়ার অংশ হিসেবে কার্যকর না করে সরকারি কর্তৃত্ব প্রদর্শনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতে পারে।
যুক্তরাষ্ট্র সরকার বরাবরই নিজেদের মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার রক্ষক হিসেবে তুলে ধরেছে। তবে মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের এই পরিকল্পনা আবারও ওয়াশিংটনের নীতির মধ্যে বিদ্যমান অসংগতিগুলোর দিকে দৃষ্টি আকর্ষণ করছে।
যুক্তরাষ্ট্রের যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ এই সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে বলেছেন, মানুষকে জানতে হবে যে এ ধরনের কর্মকাণ্ডের গুরুতর পরিণতি রয়েছে। তবে মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি প্রকাশ্যে আনা এবং বিপুলসংখ্যক দর্শকের সামনে তা প্রদর্শনের পরিকল্পনা থেকে প্রশ্ন উঠেছে—এর উদ্দেশ্য কি শুধু আদালতের রায় কার্যকর করা, নাকি ক্ষমতা প্রদর্শন ও মানুষের মধ্যে ভয় সৃষ্টি করাও এর লক্ষ্য?
এমন এক সময়ে এই পরিকল্পনা সামনে এসেছে, যখন সামাজিক যোগাযোগমাধ্যমে সহিংসতাপূর্ণ ছবি নজিরবিহীন দ্রুততায় ছড়িয়ে পড়ছে। লাখ লাখ ব্যবহারকারী, যাদের মধ্যে শিশু ও কিশোর-কিশোরীরাও রয়েছে, কোনো পূর্বপ্রস্তুতি ছাড়াই এসব দৃশ্যের মুখোমুখি হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক ইলন মাস্ক এর আগে এই প্ল্যাটফর্মে চার্লি কার্কের হত্যাকাণ্ডের সহিংস দৃশ্য প্রকাশের পক্ষে অবস্থান নিয়েছিলেন এবং সেন্সরশিপের বিরোধিতা করেছিলেন। ২০২৪ সালে ধর্মীয় অনুষ্ঠানের সময় এক বিশপের ওপর হামলার দৃশ্য বিশ্বব্যাপী মুছে ফেলার বিষয়ে অস্ট্রেলীয় কর্মকর্তাদের অনুরোধও এক্স প্রত্যাখ্যান করেছিল।
এখন মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের পরিকল্পনা নতুন করে প্রশ্ন তুলেছে—মার্কিন প্ল্যাটফর্মগুলোতে মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে অবস্থান কত দূর পর্যন্ত বিস্তৃত হবে এবং প্রযুক্তি কোম্পানিগুলো অবাধে বিষয়বস্তু প্রকাশের অধিকারের দাবি ও তাদের সামাজিক দায়িত্বের মধ্যে কীভাবে ভারসাম্য বজায় রাখবে?
ডোনাল্ড ট্রাম্প মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন বলে জানিয়েছেন। তবে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স এই পরিকল্পনা বাস্তবায়িত হবে কি না, সে বিষয়ে সংশয় প্রকাশ করেছেন। তিনি আরও বলেছেন, ব্যক্তিগতভাবে তিনি এটি দেখবেন না।
আগামী ৩ ডিসেম্বর ৫৬ বছর বয়স্ক নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকর করার কথা রয়েছে। তিনি ছিলেন একজন মার্কিন চিকিৎসক সেনা। মার্কিন যুক্তরাষ্ট্র ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করছে ও মুসলিম দেশগুলোতে সামরিক উপস্থিতি বা দখলদারিত্ব গড়ে তুলেছে- এই বিশ্বাসের ভিত্তিতে তিনি প্রতিবাদ হিসেবে ২০০৯ সালে টেক্সাস অঙ্গরাজ্যের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে মার্কিন সেনাদের ওপর গুলি বর্ষণ করেন এবং এর ফলে ১৩ জন মার্কিন সেনা নিহত হয়। তবে আদালতে তিনি ওই ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন বলে দাবি করা হয়। #
পার্স টুডে/এমএএইচ/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।