ভারতে একদিনে দেড় লাখেরও বেশি করোনা সংক্রমণের রেকর্ড, বিভিন্ন রাজ্যে বিধিনিষেধ আরোপ
ভারতে দৈনিক করোনাভাইরাস সংক্রমণের নয়া রেকর্ড তৈরি হচ্ছে। আজ (রোববার) দেড় লাখেরও বেশি নয়া সংক্রমণের ঘটনা ঘটেছে। একদিনে করোনা সংক্রমণের এটিই বৃহত্তম সংখ্যা।
রোববার সকাল ৮টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুসারে, বিগত ২৪ ঘন্টার মধ্যে ১ লাখ ৫২ হাজার ৮৭৯ জন সংক্রমিত হয়েছেন। এরফলে সংক্রমণের মোট সংখ্যা ১ কোটি ৩৩ লাখ ৫৮ হাজার ৮০৫ জনে পৌঁছেছে। একই সাথে, ২৪ ঘণ্টার মধ্যে ৮৩৯ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট ১ লাখ ৬৯ হাজার ২৭৫ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। এনিয়ে একটানা পাঁচ দিন ধরে এক লাখেরও বেশি করোনাভাইরাস সংক্রমণের ঘটনা রেকর্ড হয়েছে, যারফলে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
এরআগে, ১০ এপ্রিল ১ লাখ ৪৫ হাজার ৩৮৪ জন, ৯ এপ্রিল ১ লাখ ৩১ হাজার ৯৬৮ জন, ৮ এপ্রিল ১ লাখ ২৬ হাজার ৭৮৯ জন এবং ৭ এপ্রিল ১ লাখ ১৫ হাজার ৭৩৬ জনের করোনা সংক্রমণ রেকর্ড হয়েছে। করোনার নয়া সংক্রমণ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে, দেশে চিকিৎসাধীন সক্রিয় করোনা রোগীর সংখ্যাও দ্রুত বাড়ছে। দেশে বর্তমানে সক্রিয় করোনা রোগীর বেড়ে ১১ লাখ ৮ হাজার ৮৭ জনে পৌঁছেছে।
শনিবার সকাল ৮ টা থেকে রোববার সকাল ৮ টা পর্যন্ত গত ২৪ ঘন্টার মধ্যে যে পাঁচটি রাজ্যে সবচেয়ে বেশি সংক্রমণ দেখা গেছে তাদের মধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে একদিনে ৫৫ হাজার ৪১১, ছত্তিশগড় ১৪ হাজার ৯৮, উত্তর প্রদেশ ১২ হাজার ৭৪৮, দিল্লি ৭ হাজার ৮৯৭ এবং কর্ণাটকে ৬ হাজার ৯৫৫ জন সংক্রমিত হয়েছেন। এভাবে, গত ২৪ ঘন্টার মধ্যে মহারাষ্ট্র রাজ্য করোনায় মৃতের সংখ্যার নিরিখে শীর্ষে রয়েছে। মহারাষ্ট্রের করোনায় ৩০৯, ছত্তিশগড়ে ১২৩, পাঞ্জাবে ৫৮, গুজরাটে ৪৯ এবং উত্তর প্রদেশে ৪৬ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।
রাজধানী দিল্লিতে করোনার প্রকোপ বাড়তে থাকায় আগামী ২০ এপ্রিল পর্যন্ত দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। এছাড়া শহরের সমস্ত কলেজ ও কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে দিল্লির শিক্ষা মন্ত্রী মনিষ শিসোদিয়া জানিয়েছেন।
উত্তর প্রদেশ সরকার করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রাজ্যের সমস্ত ধর্মীয় স্থানে পাঁচ জনের বেশি মানুষের উপস্থিতি নিষিদ্ধ করেছে। এরফলে রাজ্যের মসজিদগুলোতে আসন্ন রমজানে এক মাস ধরে তারাবীহ নামাজ আদায় ও ১৪ এপ্রিল বিভিন্ন মন্দিরে নবরাত্রি উদযাপনে প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।#
পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।