ইরানে ইমাম মাহদি (আ.)’র জন্মদিন ও পবিত্র শবে বরাত পালিত
https://parstoday.ir/bn/news/iran-i10018-ইরানে_ইমাম_মাহদি_(আ.)’র_জন্মদিন_ও_পবিত্র_শবে_বরাত_পালিত
ইরানে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে আহলে বাইতের ১২তম ইমাম মাহদি (আ.) এর শুভ জন্মদিন ও পবিত্র শবে বরাত পালিত হয়েছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মে ২২, ২০১৬ ১১:১৯ Asia/Dhaka

ইরানে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে আহলে বাইতের ১২তম ইমাম মাহদি (আ.) এর শুভ জন্মদিন ও পবিত্র শবে বরাত পালিত হয়েছে।

এ উপলক্ষে রাজধানীসহ সারা দেশে লাখ লাখ মানুষ মসজিদ, মাজার ও ধর্মীয় কেন্দ্রগুলোর অনুষ্ঠানে অংশ নেন। ইরানের সবচেয়ে বড় সমাগম হয় কোম নগরীর জামকারান মসজিদে। এছাড়া, মাশহাদ, ইস্ফাহান, শিরাজসহ বিভিন্ন শহরে উৎসবমুখর পরিবেশে পবিত্র শবে বরাত পালিত হয়।


গতকাল সকাল থেকেই ইরানের বিভিন্ন রাস্তা, অফিস-আদালত, বিপণী কেন্দ্র, পার্কসহ জনবহুল স্থানগুলোতে শরবত, কেক ও মিষ্টান্ন বিতরণ করতে দেখা যায়। রাতে আলোচনা সভা, নফল নামায, ইমাম মাহদী (আ.)-এর প্রশংসাসূচক সঙ্গীত, কবিতা আবৃত্তিসহ নানা কর্মসূচি পালন করা হয়। মসজিদ, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, বিপণী বিতান ও রাস্তাঘাটে আকর্ষণীয় আলোকসজ্জা করা হয়।

ইরানে এ দিবসটিকে বঞ্চিতদের মুক্তি দিবস হিসেবে পালন করা হয়। ইরানে আজ সরকারি ছুটির দিন।


কোনো কোনো মুসলিম ঐতিহাসিকের মতে, হিজরি সালের ১৫ শাবান বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)-এর আহলে বাইতের সদস্য ইমাম মাহদি (আ.) এর জন্মদিন। এ মহান ব্যক্তিত্বের জন্মদিন উপলক্ষে এ রাতে মহান আল্লাহ মানুষের জন্য রহমতের দরজা খুলে দেন। মুসলমানরা অতীতের ভুল-ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যতে পরিশুদ্ধ জীবনযাপনের তওফিক চেয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।


বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)'র পবিত্র আহলে বাইতের ১১ তম সদস্য ইমাম হযরত ইমাম হাসান আসকারী (আ.)'র পুত্র হিসেবে তাঁর জন্ম হয়েছিল ২২৫ হিজরিতে ইরাকের (বর্তমান রাজধানী বাগদাদের উত্তরে) পবিত্র সামেরা শহরে। কোনো কোনো রেওয়ায়েতে এসেছে, ইমাম মাহদি (আ.) ২৫৫ হিজরিতে জন্মগ্রহণ করেন। তাঁর মায়ের নাম ছিল নার্গিস। এবং তিনি আল্লাহর আদেশে এক পর্যায়ে অদৃশ্য হয়ে যান। তাঁর অদৃশ্য থাকার সময়ও দুই ভাগে বিভক্ত। স্বল্পকালীন সময়ের জন্য অদৃশ্য হওয়া এবং দীর্ঘমেয়াদে অদৃশ্য থাকা। দীর্ঘ মেয়াদে অদৃশ্য থাকার পর উপযুক্ত সময়ে তিনি আবার আবির্ভূত হবেন এবং সব ধরনের জুলুম ও বৈষম্যের অবসান ঘাটিয়ে বিশ্বব্যাপী ন্যায়বিচার ও ইসলামী শাসন প্রতিষ্ঠা করবেন।#


পার্সটুডে/আশরাফুর রহমান/২২