‘আলোচনায় অগ্রগতি হলেও আমাদের প্রত্যাশা এখনও পূরণ হয়নি’
https://parstoday.ir/bn/news/iran-i103432-আলোচনায়_অগ্রগতি_হলেও_আমাদের_প্রত্যাশা_এখনও_পূরণ_হয়নি’
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় ইতিবাচক অগ্রগতি হলেও এখনও আমাদের প্রত্যাশা পূরণ হয়নি। ইরান সুস্পষ্ট ও দৃঢ়ভাবে একটি ভালো চুক্তি চায় বলেও তিনি মন্তব্য করেছেন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
ফেব্রুয়ারি ০৬, ২০২২ ০৮:১৮ Asia/Dhaka
  • ২০২১ সালের সেপ্টেম্বরে নিউ ইয়র্ক সফরে জোসেপ বোরেলের (ডানে) সঙ্গে সাক্ষাৎ করেন আব্দুল্লাহিয়ান (ফাইল ছবি)
    ২০২১ সালের সেপ্টেম্বরে নিউ ইয়র্ক সফরে জোসেপ বোরেলের (ডানে) সঙ্গে সাক্ষাৎ করেন আব্দুল্লাহিয়ান (ফাইল ছবি)

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় ইতিবাচক অগ্রগতি হলেও এখনও আমাদের প্রত্যাশা পূরণ হয়নি। ইরান সুস্পষ্ট ও দৃঢ়ভাবে একটি ভালো চুক্তি চায় বলেও তিনি মন্তব্য করেছেন।

শনিবার সন্ধ্যায় ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেলের সঙ্গে এক টেলিফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার দেশের এ অবস্থান তুলে ধরেন। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ২০২১ সালের এপ্রিল মাসে পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের শুরু হওয়া ধারাবাহিক আলোচনায় বোরেল সমন্বয়কারীর ভূমিকা পালন করছেন। 

তিনি শনিবারের টেলিফোনালাপে বলেন, ভিয়েনা সংলাপ একটি স্পর্শকাতর অবস্থায় পৌঁছেছে এবং এখন সকল পক্ষের উচিত একটি চুক্তিতে উপনীত হওয়ার লক্ষ্যে প্রয়োজনীয় রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রস্তুত থাকা। 

এ সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী ভিয়েনা সংলাপকে এগিয়ে নিতে সহযোগিতা করার জন্য বোরেল, তার সহকারী এনরিক মোরা ও ইইউকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আমরা যতটা দৃঢ়ভাবে একটি ভালো চুক্তি চাই ততটা দৃঢ়তার সঙ্গে আমাদের জাতীয় স্বার্থ ও রেড লাইনগুলো রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। 

জোসেফ বোরেলকে আব্দুল্লাহিয়ান জানান, দুঃখজনকভাবে বিগত বছরগুলোতে পরমাণু সমঝোতা ইরানের কোনো কাজে আসেনি এবং আমাদের অর্থনৈতিক স্বার্থ রক্ষা করেনি। কাজেই আমরা শুধুমাত্র তখনই আবার একটি চুক্তিতে সই করব যখন তা প্রকৃত অর্থে ও স্থায়ীভাবে আমাদের অর্থনৈতিক স্বার্থ রক্ষা করতে পারবে।#

পার্সটুডে/এমএমআই/এআর/৬