ইরান ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষ্ফল বৈঠক
https://parstoday.ir/bn/news/world-i163018-ইরান_ইস্যুতে_জাতিসংঘ_নিরাপত্তা_পরিষদের_নিষ্ফল_বৈঠক
পার্সটুডে- রাশিয়া ও চীনের বিরোধিতা সত্ত্বেও ফ্রান্সের সভাপতিত্বে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরান ও ১৭৩৭ কমিটি নিয়ে আবারও বৈঠক করেছে। তবে বৈঠকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পুরোনো অভিযোগ ও অবস্থানই পুনর্ব্যক্ত হয়েছে; নতুন কোনো সিদ্ধান্ত বা বাস্তব পদক্ষেপ নেওয়া হয়নি।
(last modified 2026-09-12T05:25:34+00:00 )
সেপ্টেম্বর ১১, ২০২৬ ১৮:০৭ Asia/Dhaka
  • জাতিসংঘ নিরাপত্তা পরিষদ
    জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

পার্সটুডে- রাশিয়া ও চীনের বিরোধিতা সত্ত্বেও ফ্রান্সের সভাপতিত্বে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরান ও ১৭৩৭ কমিটি নিয়ে আবারও বৈঠক করেছে। তবে বৈঠকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পুরোনো অভিযোগ ও অবস্থানই পুনর্ব্যক্ত হয়েছে; নতুন কোনো সিদ্ধান্ত বা বাস্তব পদক্ষেপ নেওয়া হয়নি।

ইরানের বিষয়ে বৈঠক আয়োজনের বিরোধিতা করে রাশিয়া ও চীন বলেছে, নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবটি ২০২৫ সালের ১৮ অক্টোবর চূড়ান্তভাবে শেষ হয়েছে। ফলে এরপর থেকে এ প্রস্তাবের কোনো আইনগত কার্যকারিতা বা বাস্তবায়নের জন্য দায়দায়িত্ব নেই।

জাতিসংঘে রাশিয়ার উপ-স্থায়ী প্রতিনিধি আনা ওস্তিগনেভা বলেন, ১৭৩৭ কমিটির কার্যক্রম পুনরায় চালুর কোনো ভিত্তি নেই। তিনি অভিযোগ করেন, কিছু দেশ স্ন্যাপব্যাক মেকানিজমের অপব্যবহারের চেষ্টা করছে।

চীনের উপ-স্থায়ী প্রতিনিধি সান লি রাশিয়ার অবস্থানকে সমর্থন করে বলেন, ইরানের পরমাণু ইস্যু ইতোমধ্যে নিরাপত্তা পরিষদের এজেন্ডা থেকে বাদ পড়েছে। তিনি ৯০ দিনের তথাকথিত প্রতিবেদন তৈরিরও কোনো বৈধ ম্যান্ডেট নেই বলে জানান।

অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন রাশিয়া-চীনের অবস্থান প্রত্যাখ্যান করেছে। মার্কিন প্রতিনিধি দাবি করেন, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ১৭৩৭ কমিটি এখনও সক্রিয়।

বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া স্পষ্ট করে বলেন, রাশিয়া কোনোভাবেই ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল হতে দেবে না। তিনি আরও বলেন, ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি নিয়ে বাস্তবতাকে কিছু পক্ষ সম্পূর্ণ বিকৃতভাবে উপস্থাপন করছে।

গত ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত ভোটে ১১টি দেশ পক্ষে, রাশিয়া ও চীন বিপক্ষে এবং পাকিস্তান ও সোমালিয়া বিরত থাকে। বৈঠকে কোনো প্রস্তাব পাস হয়নি এবং ১৭৩৭ কমিটিও কার্যত নিষ্ক্রিয় রয়েছে।#

পার্সটুডে/এমআরএইচ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।