নামাজ মানুষের হৃদয়কে কাছে আনে, সমাজকে শক্তিশালী করে: পেজেশকিয়ান
https://parstoday.ir/bn/news/iran-i163638-নামাজ_মানুষের_হৃদয়কে_কাছে_আনে_সমাজকে_শক্তিশালী_করে_পেজেশকিয়ান
পার্সটুডে- ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, নামাজ মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সামাজিক সংহতি বাড়াতে এবং নানা সংকটের মুখে সমাজকে আরও দৃঢ় করতে পারে।
(last modified 2026-10-04T04:17:37+00:00 )
অক্টোবর ০৪, ২০২৬ ১০:১৫ Asia/Dhaka
  • মাসুদ পেজেশকিয়ান
    মাসুদ পেজেশকিয়ান

পার্সটুডে- ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, নামাজ মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সামাজিক সংহতি বাড়াতে এবং নানা সংকটের মুখে সমাজকে আরও দৃঢ় করতে পারে।

৩৩তম জাতীয় নামাজ সম্মেলনে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ইরান যখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি শান্তি, আশা, পারস্পরিক সংহতি ও সংকট মোকাবিলার সক্ষমতা প্রয়োজন বোধ করছে, তখন নামাজের সংস্কৃতি ধৈর্য, আল্লাহর ওপর ভরসা, ঐক্য ও দায়িত্বশীলতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এবারের জাতীয় নামাজ সম্মেলনের বিষয় ‘শহীদ নেতা হযরত আয়াতুল্লাহ খামেনেয়ীর চিন্তা ও কর্মে নামাজ প্রতিষ্ঠা’। পেজেশকিয়ান বলেন, এই সম্মেলন তাঁর চিন্তা ও জীবনাচরণে নামাজের অবস্থান পর্যালোচনার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তাঁর দৃষ্টিতে নামাজ শুধু ব্যক্তিগত ইবাদত নয়; বরং আত্মশুদ্ধি, আশা, দৃঢ়তা এবং একটি কল্যাণকর সমাজ গঠনের সঙ্গেও এর গভীর সম্পর্ক রয়েছে।

ইরানের প্রেসিডেন্ট বলেন, নামাজ আল্লাহর সঙ্গে মানুষের গভীর সম্পর্কের প্রকাশ। এটি মানুষের আত্মশুদ্ধি, নৈতিক পরিশুদ্ধি এবং ব্যক্তিগত ও সামাজিক জীবনের সংশোধনের অন্যতম মাধ্যম।

তিনি আরও বলেন, নামাজ আল্লাহর স্মরণের মাধ্যমে হৃদয়কে প্রশান্ত করে, ঈমানকে গভীর করে, মানুষের সংকল্পকে দৃঢ় করে এবং অন্তরে আশার সঞ্চার করে। তাই নামাজের প্রকৃত প্রভাব মানুষের সততা, আমানতদারি, অন্যের অধিকার রক্ষা, ন্যায়বিচারের প্রতি অঙ্গীকার এবং জনগণের প্রতি আন্তরিক সেবার মাধ্যমে প্রকাশ পাওয়া উচিত।

পেজেশকিয়ানের ভাষায়, যে সমাজে নামাজ প্রতিষ্ঠিত, সেই সমাজকে আরও নৈতিক, দায়িত্বশীল এবং মানবিক মর্যাদা ও ন্যায়বিচারে সমৃদ্ধ হওয়া প্রয়োজন।#

পার্সটুডে/এমএআর/৪