অভিন্ন ইচ্ছাশক্তির মাধ্যমে ইরান-উজবেকিস্তান সম্পর্ক আরও গভীর করব: পেজেশকিয়ান
https://parstoday.ir/bn/news/iran-i163546-অভিন্ন_ইচ্ছাশক্তির_মাধ্যমে_ইরান_উজবেকিস্তান_সম্পর্ক_আরও_গভীর_করব_পেজেশকিয়ান
পার্সটুডে: ইরান ও উজবেকিস্তানের প্রেসিডেন্ট টেলিফোনে আলাপকালে তেহরান ও তাসখন্দের বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের ওপর জোর দেওয়ার পাশাপাশি দুই দেশের সম্পর্ক আরও গভীর করা এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে বিদ্যমান সম্ভাবনাগুলো কাজে লাগানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।
(last modified 2026-10-01T04:32:06+00:00 )
সেপ্টেম্বর ৩০, ২০২৬ ১৭:১১ Asia/Dhaka
  • উজবেকিস্তানের প্রেসিডেন্ট শওকত মিরজিয়ায়েভের সঙ্গে মাসুদ পেজেশকিয়ানের টেলিফোনালাপ
    উজবেকিস্তানের প্রেসিডেন্ট শওকত মিরজিয়ায়েভের সঙ্গে মাসুদ পেজেশকিয়ানের টেলিফোনালাপ

পার্সটুডে: ইরান ও উজবেকিস্তানের প্রেসিডেন্ট টেলিফোনে আলাপকালে তেহরান ও তাসখন্দের বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের ওপর জোর দেওয়ার পাশাপাশি দুই দেশের সম্পর্ক আরও গভীর করা এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে বিদ্যমান সম্ভাবনাগুলো কাজে লাগানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা-র বরাত দিয়ে পার্সটুডে জানায়, মঙ্গলবার ৭ মেহর মাসের বিকেলে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শওকত মিরজিয়ায়েভের সঙ্গে টেলিফোনে আলাপকালে মাসুদ পেজেশকিয়ান ইরান ও উজবেকিস্তানের ভ্রাতৃত্বপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর জোর দিয়ে বলেন, অভিন্ন প্রচেষ্টা ও দৃঢ় ইচ্ছাশক্তির মাধ্যমে দুই দেশের সম্পর্ককে আরও গভীর করা এবং বিভিন্ন ক্ষেত্রে দুই জনগণের পারস্পরিক সম্পর্ক সম্প্রসারণ করা জরুরি।

পেজেশকিয়ান বলেন, বিভিন্ন দেশের সঙ্গে, বিশেষ করে বন্ধুপ্রতিম ও সমমনা দেশগুলোর সঙ্গে সম্পর্ক সম্প্রসারণ ইরানের পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান অগ্রাধিকার। এ লক্ষ্যেই উজবেকিস্তানের সঙ্গে সহযোগিতা ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বিস্তৃত করার চেষ্টা চলছে।

উজবেকিস্তানের প্রেসিডেন্টও টেলিফোন আলাপচারিতায় তেহরান ও তাসখন্দের ক্রমবর্ধমান সম্পর্ক ও সহযোগিতার কথা উল্লেখ করে বলেন, বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক ও সহযোগিতা ধারাবাহিকভাবে সম্প্রসারিত ও অগ্রসর হচ্ছে এবং এসব সম্পর্ক জোরদার ও উন্নয়নের জন্য দুই দেশেরই দৃঢ় ইচ্ছা রয়েছে।

শওকত মিরজিয়ায়েভ এ অঞ্চল এবং বিশ্বের সংবেদনশীল ও জটিল পরিস্থিতির কথা উল্লেখ করে ইরানের প্রেসিডেন্টকে বলেন, এই সংবেদনশীল ও জটিল সময়ে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার পাশাপাশি নিজ দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য আপনি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

উজবেকিস্তানের প্রেসিডেন্ট একই সঙ্গে ইরানের সঙ্গে সম্পর্ক আরও বিস্তৃত করার বিষয়ে তাঁর দেশের দৃঢ় প্রত্যয়ের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, কূটনৈতিক প্রতিনিধিদলের পারস্পরিক সফর ও আলোচনা বাড়ানোর মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে ইরানের সঙ্গে সহযোগিতা ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও উন্নত করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।#

পার্সটুডে/এমআরএইচ/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।