চুক্তির খসড়া চূড়ান্ত হচ্ছে
ভিয়েনায় সম্ভাব্য চুক্তির খসড়া পর্যালোচনা করছি: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান
ভিয়েনা সংলাপ থেকে একটি সম্ভাব্য চুক্তি বের করে আনার লক্ষ্যে প্রস্তাবিত খসড়া তৈরির কাজ প্রায় শেষ হয়েছে বলে খবর দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি বলেছেন, আমরা আন্তরিকতার সঙ্গে চুক্তির খসড়া পর্যালোচনা করছি; তবে দ্রুততম সময়ের মধ্যে একটি ভালো চুক্তি স্বাক্ষর করা যাবে কিনা তা নির্ভর করছে আলোচনার অন্য পক্ষগুলোর সদিচ্ছার ওপর।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী গতকাল (শনিবার) এক টুইটার বার্তায় এ মন্তব্য করেন। তিনি ওই বার্তায় লিখেছেন, আমরা আন্তরিকতা নিয়ে চুক্তির খসড়া পর্যালোচনা করছি। আমি আজ ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ও ভিয়েনা সংলাপের প্রধান সমন্বয়কারী জোসেপ বোরেলের সঙ্গে টেলিফোনে বিষয়টি নিয়ে কথা বলেছি।
আব্দুল্লাহিয়ান আরো লিখেছেন, আলোচনার অন্য পক্ষগুলো আন্তরিকতা ও সদিচ্ছা দেখালে আমরা তাদের সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে একটি ভালো চুক্তি স্বাক্ষর করতে প্রস্তুত রয়েছি।
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের ওপর আরোপিত বেআইনি ও নিপীড়নমূলক নিষেধাজ্ঞা প্রত্যাহারের অষ্টম দফা সংলাপ চলছে।ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়াকে নিয়ে গঠিত পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ওই সংলাপে অংশ নিচ্ছে ইরান। আমেরিকা এই আলোচনায় পরোক্ষভাবে অংশ নিচ্ছে।
এ পর্যন্ত ভিয়েনা সংলাপে বেশ কিছু অগ্রগতি অর্জিত হলেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের বিরুদ্ধে ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের’ নীতি অব্যাহত রাখায় সম্ভাব্য চুক্তির মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ওয়াশিংটনের আন্তরিকতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।এ কারণে, ভিয়েনা সংলাপ দীর্ঘায়িত হচ্ছে।#
পার্সটুডে/এমএমআই/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।