ইরানি সংসদ: স্পিকার পদে রক্ষণশীলদের কাছে সংস্কারপন্থিরা পরাজিত
https://parstoday.ir/bn/news/iran-i10633-ইরানি_সংসদ_স্পিকার_পদে_রক্ষণশীলদের_কাছে_সংস্কারপন্থিরা_পরাজিত
ইরানের ১০ম জাতীয় সংসদ মজলিসে শূরার স্পিকার হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন ড. আলী লারিজানি। গত ফেব্রুয়ারি মাসে নির্বাচনের মাধ্যমে এ সংসদ গঠিত হয়েছে; অবশ্য, পরে প্রায় ৫০টি আসনে পুনঃনির্বাচন হয়।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মে ২৯, ২০১৬ ০৮:৫০ Asia/Dhaka

ইরানের ১০ম জাতীয় সংসদ মজলিসে শূরার স্পিকার হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন ড. আলী লারিজানি। গত ফেব্রুয়ারি মাসে নির্বাচনের মাধ্যমে এ সংসদ গঠিত হয়েছে; অবশ্য, পরে প্রায় ৫০টি আসনে পুনঃনির্বাচন হয়।

সংসদে মোট ভোটের মধ্যে লারিজানি পেয়েছেন ১৭৩টি। তিনি রক্ষণশীলদের প্রার্থী হিসেবে স্পিকার পদে নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে কথিত সংস্কারপন্থিদের প্রার্থী হিসেবে নির্বাচন করেন মোহাম্মদ রেজা আরেফ। তিনি মোট ভোট পেয়েছেন ১০৩টি।

স্পিকার পদের এ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের ভোট ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এবারের সংসদে রক্ষণশীল ও সংস্কারপন্থিদের কেউই একক সংখ্যাগরিষ্ঠতা পায় নি। সেক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থীদের বেশিরভাগ ভোট রক্ষণশীলদের পক্ষে গেছে বলেই ধারণা করা হচ্ছে। এবারের সংসদে রেকর্ডসংখ্যক ১৮ জন নারী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

গতকাল (শনিবার) ১০ম জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশন বসে। এতে প্রেসিডেন্ট রুহানি বক্তব্য রাখেন। গত বছর সই হওয়া পরমাণু সমঝোতার প্রতি সমর্থন দেয়ার জন্য তিনি স্পিকার লারিজানির প্রশংসা করেন। ইরানের এ সমস্যা সমাধানের ক্ষেত্রে সংসদের সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও তিনি উল্লেখ করেন।

নতুন সংসদের অধিবেশন উপলক্ষে দেয়া বাণীতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ফেরুয়ারির নির্বাচনের প্রশংসা করে সংসদ সদস্যদের আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৯