প্রতিরোধ ফ্রন্টকে পৃষ্ঠপোষকতা দিয়ে যাবেন নির্বাচিত প্রেসিডেন্ট পেজেশকিয়ান
https://parstoday.ir/bn/news/iran-i139424-প্রতিরোধ_ফ্রন্টকে_পৃষ্ঠপোষকতা_দিয়ে_যাবেন_নির্বাচিত_প্রেসিডেন্ট_পেজেশকিয়ান
ইরানের নির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার সরকারের শাসনামলে মধ্যপ্রাচ্যের প্রতিরোধ ফ্রন্টের প্রতি ইরানের সমর্থন অব্যাহত থাকবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৯, ২০২৪ ১৭:২৯ Asia/Dhaka
  • প্রতিরোধ ফ্রন্টকে পৃষ্ঠপোষকতা দিয়ে যাবেন নির্বাচিত প্রেসিডেন্ট পেজেশকিয়ান

ইরানের নির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার সরকারের শাসনামলে মধ্যপ্রাচ্যের প্রতিরোধ ফ্রন্টের প্রতি ইরানের সমর্থন অব্যাহত থাকবে।

গত শুক্রবারের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি বিজয়ী হওয়ার পর লেবাননের হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ তাকে অভিনন্দন জানিয়ে যে বার্তা দিয়েছিলেন তার জবাবে পেজেশকিয়ান এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বলেন, প্রতিরোধ আন্দোলনগুলো অবৈধ ইহুদিবাদী ইসরাইল সরকারকে তার অপরাধী পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে দেবে না।

ইরানের নির্বাচিত প্রেসিডেন্ট বলেন, অবৈধ ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে লড়াইরত আঞ্চলিক প্রতিরোধ ফ্রন্টকে ইসলামি প্রজাতন্ত্র ইরান সব সময় পৃষ্ঠপোষকতা দিয়ে এসেছে। তিনি বলেন, আর এই সমর্থনের বিষয়টি নিহিত রয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের মৌলিক নীতিমালায়, ইমাম খোমেনীর (রহ.) উপদেশে এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর দিক-নির্দেশনায়।

পেজেশকিয়ান বলেন, “আমি আত্মবিশ্বাসী যে, পশ্চিম এশিয়ার প্রতিরোধ আন্দোলনগুলো এই অবৈধ সরকারকে ফিলিস্তিনের নিপীড়িত জনগণ ও এই অঞ্চলের অন্যান্য জাতির বিরুদ্ধে যুদ্ধংদেহী ও অপরাধমূলক নীতি অব্যাহত রাখতে দেবে না।” পেজেশকিয়ান সাইয়্যেদ নাসরুল্লাহর পাশাপাশি লেবাননের জনগণের উন্নতি ও সমৃদ্ধি এবং ইসরাইলের বিরুদ্ধে হিজবুল্লাহ যোদ্ধাদের বিজয় কামনা করেন।#

পার্সটুডে/এমএমআই/জিএআর/৯