ইরানের ন্যায়বিচারকামী অবস্থানগুলো ইতিহাসে চির-স্মরণীয় হয়ে থাকবে
ইরানের নব-নির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গে প্রতিরোধ-নেতৃবৃন্দের টেলিফোন সংলাপ
গতকাল (রোববার) ইরানের নব-নির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ফিলিস্তিনের হামাস-প্রধান ইসমাইল হানিয়া ও ইয়েমেনের কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদের প্রধান মাহদি আল মাশাত।
এইসব টেলিফোন সংলাপে ডাক্তার মাসুদ পেজেশকিয়ান ফিলিস্তিনি জাতি ও ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনের প্রতি ইসলামী ইরানের দৃঢ় সহায়তা অব্যাহত থাকবে বলে জোর দিয়েছেন।
পৃথক পৃথক এইসব সংলাপে পেজেশকিয়ান বলছেন, ইরান কখনও ফিলিস্তিনি জাতিকে তার কঠিন সময়ে একাকী রাখবে না। ইসমাইল হানিয়ার সঙ্গে সংলাপে তিনি গাজায় ইসরাইলি অপরাধযজ্ঞের নিন্দা জানিয়ে বলেছেন, তেহরান গাজায় যুদ্ধ ও গণহত্যা বন্ধ করতে তার সমস্ত প্রচেষ্টা কাজে লাগাবে।
হামাস প্রধান হানিয়া ফিলিস্তিনি জাতি ও প্রতিরোধ ফ্রন্টের প্রতি ইসলামী ইরানের সর্বাত্মক সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন এবং যুদ্ধ-বিরতি প্রতিষ্ঠায় আরও বেশি কূটনৈতিক ও রাজনৈতিক প্রচেষ্টা চালানো হবে বলে আশা প্রকাশ করেছেন।
ইরানের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ইয়েমেনের কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষস্থানীয় নেতা মাহদি আল মাশাতের সঙ্গে টেলিফোন সংলাপে মজলুম ফিলিস্তিনি জনগণের প্রতি ইয়েমেনি নেতৃবৃন্দের ও জনগণের সহায়তার সাহসি সিদ্ধান্তের প্রশংসা করে বলেছেন, ফিলিস্তিনি জাতির প্রতি কোনো কোনো সরকারের নিষ্ক্রিয়তা ভবিষ্যৎ প্রজন্মগুলোর নিন্দার মুখোমুখি হবে, কিন্তু মজলুম ফিলিস্তিনিদের প্রতি ইয়েমেনি জাতির সহায়তা উজ্জ্বল প্রস্তরের দ্যুতির মত চির-উজ্জ্বল হয়ে থাকবে।
ইয়েমেনি নেতাও ইরানি ও ইয়েমেনি জাতির ঐতিহাসিক, ধর্মীয় ও সাংস্কৃতি বন্ধনসহ নানা বন্ধনের কথা উল্লেখ করে ইরানের ন্যায়বিচারকামী অবস্থানগুলো ইতিহাসে চির-স্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করেছেন। #
পার্সটুডে/এমএএইচ/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।