গাজায় যুদ্ধবিরতি চুক্তি পুরোপুরি ভেঙে পড়ার বিষয়ে হামাসের সতর্কতা
-
হাজেম কাসেম
পার্সটুডে- ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গাজার শান্তি পরিকল্পনা নিয়ে জাতিসংঘের বিশেষ সমন্বয় কমিটির অনুমোদিত রোডম্যাপ বাস্তবায়নে হামাস সম্পূর্ণ প্রস্তুত। তবে দখলদার ইসরায়েল চুক্তির শর্ত মেনে চলতে অস্বীকৃতি জানানোয় গাজায় যুদ্ধবিরতি চুক্তি ও সংশ্লিষ্ট রোডম্যাপ পুরোপুরি ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেন, জাতিসংঘের বিশেষ সমন্বয় কমিটির সঙ্গে বসে যে রোডম্যাপ তৈরি করা হয়েছে তা বাস্তবায়নের জন্য হামাস প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে।
তিনি বলেন, যুদ্ধবিরতি চুক্তি ও এর সঙ্গে সংশ্লিষ্ট রোডম্যাপ ভেঙে পড়ার মূল কারণ হলো দখলদার ইসরায়েলের চুক্তি বাস্তবায়নে অস্বীকৃতি এবং গাজার জনগণের ওপর আগ্রাসন আরও তীব্র করা। একই সঙ্গে দখলদারদের চুক্তি বাস্তবায়নে বাধ্য করতে জাতিসংঘের বিশেষ সমন্বয় কমিটি ও এর প্রতিনিধি নিকোলাই ম্লাদেনভের ব্যর্থতাও এর জন্য দায়ী।
হামাসের মুখপাত্র আরও বলেন, গাজা উপত্যকার বাসিন্দাদের প্রতি দায়িত্ব পালনের জন্য টেকনোক্র্যাট কমিটির গাজায় প্রবেশ সহজ করতে সব পক্ষের বিশেষ করে যুক্তরাষ্ট্র সরকার ও বিশেষ সমন্বয় কমিটির সহযোগিতা প্রয়োজন। যুদ্ধবিরতি চুক্তি ও সংশ্লিষ্ট রোডম্যাপ অনুযায়ী আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রক্রিয়াও শুরু করা জরুরি বলে তিনি উল্লেখ করেন।
এর আগে ইসরায়েলি সংবাদপত্র হারেৎস জানিয়েছিল, ইসরায়েলে নির্বাচনের প্রাক্কালে গাজার ভবিষ্যৎ নিয়ে মতবিরোধ তীব্র হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি কর্মকর্তারা ‘গাজা শান্তি পরিষদ’-এর সঙ্গে সহযোগিতা করতে অস্বীকৃতি জানাচ্ছেন।#
পার্সটুডে/এসএ/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।