আগামীকাল মাস্কাটে ইরান ও আমেরিকার মধ্যে পারমাণবিক আলোচনা অনুষ্ঠিত হবে: পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i156736-আগামীকাল_মাস্কাটে_ইরান_ও_আমেরিকার_মধ্যে_পারমাণবিক_আলোচনা_অনুষ্ঠিত_হবে_পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ঘোষণা করেছেন যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা শুক্রবার সকালে ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
(last modified 2026-02-05T11:05:38+00:00 )
ফেব্রুয়ারি ০৫, ২০২৬ ১২:৫৪ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি

পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ঘোষণা করেছেন যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা শুক্রবার সকালে ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইরানের এই  শীর্ষ কূটনীতিক বলেছেন যে আলোচনাটি সকাল ১০ টার দিকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকটি সহজতর করার জন্য এবং প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য ওমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এর আগে ইরানি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছিল যে আলোচনায় কেবলমাত্র ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি কর্মসূচি এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের ওপর আলোকপাত করা হবে, অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে না।

ইরানি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন আরাকচি যার মধ্যে থাকবেন সিনিয়র কূটনীতিক মাজিদ তাখতে-রাভানচি এবং কাজেম গরিবাদি। প্রতিবেদন অনুসারে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ। প্রতিবেদনে আরো বলা হয়েছে, আলোচনাটি পরোক্ষভাবে অনুষ্ঠিত হবে এবং ওমান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবে। নতুন দফার আলোচনা প্রাথমিকভাবে ইস্তাম্বুলে হওয়ার কথা ছিল, কিন্তু ইরানের অনুরোধে স্থানটি মাস্কাটে পরিবর্তন করা হয়েছে।

আরাকচি এবং উইটকফ গত বছর পাঁচ দফা পারমাণবিক আলোচনার নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু পরিকল্পিত ষষ্ঠ দফা শুরু হওয়ার মাত্র দুই দিন আগে ইসরায়েলি শাসক গোষ্ঠী বিনা উস্কানিতে আগ্রাসন শুরু করার পর আলোচনা স্থগিত করা হয়।# 

পার্সটুডে/এমবিএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন