ইরানের আঞ্চলিক নীতি: বহির্শক্তির হস্তক্ষেপ থেকে মুক্তি ও শান্তি-নিরাপত্তা প্রতিষ্ঠা
-
আর্মেনিয়ার প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে পেজেশকিয়ানের বৈঠক
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেশকিয়ান আর্মেনিয়ার প্রতিরক্ষামন্ত্রী সুরেন পাপিকিয়ানের সঙ্গে বৈঠকে বলেছেন, ইরান তার প্রতিবেশী দেশগুলো বিশেষ করে আর্মেনিয়ার সাথে সার্বিক সম্পর্কের উন্নয়নের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।
আর্মেনিয়ার প্রতিরক্ষামন্ত্রী তেহরান সফরে এসে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেন। এ সময় পেজেশকিয়ান বলেন, "ইরানের নীতি হলো শান্তি, স্থিতিশীলতা এবং স্থায়ী নিরাপত্তা। আমরা কখনোই অস্থিতিশীলতা বা উত্তেজনা চাই না, কারণ যেকোনো অস্থিরতা সকল দেশের জন্য ক্ষতিকর হবে।"
পেজেশকিয়ান ইরান সরকারের পক্ষে "বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি" চূড়ান্ত করতে প্রস্তুতির কথা ঘোষণা করে বলেন, "আমরা যতটা সম্ভব রাজনৈতিক, অর্থনৈতিক, পরিবহন, জ্বালানি এবং অবকাঠামোগত ক্ষেত্রে সম্পর্ক বাড়ানোর মাধ্যমে উভয় দেশ ও জাতির জন্য আরও বেশি সুবিধা অর্জন করতে পারব।"
ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি আর্মেনিয়ার প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে বলেছেন, ইরান আর্মেনিয়ার সশস্ত্র বাহিনীর সাথে সামরিক সহযোগিতা বৃদ্ধি করার জন্য প্রস্তুত। ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ আর্মেনিয়ার প্রতিরক্ষামন্ত্রীর সাথে সাক্ষাতে দুই দেশের ঐতিহাসিক এবং কৌশলগত সম্পর্কের গভীরতার প্রতি ইঙ্গিত করে তেহরানের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরে বলেন, তারা এই অঞ্চলে ভূরাজনৈতিক পরিবর্তন এবং বাইরের শক্তির হস্তক্ষেপের বিরোধী।
ইরান তার বিশেষ ভৌগোলিক অবস্থান ব্যবহার করে আন্তর্জাতিক পরিবহন করিডোর যেমন উত্তর-দক্ষিণ এবং পূর্ব-পশ্চিমের মধ্যে অর্থনৈতিক এবং ট্রানজিট ক্ষেত্রে ভূমিকা আরও শক্তিশালী করতে চায়। আর্মেনিয়ার সাথে ঘনিষ্ঠ সহযোগিতা এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
ইরান-আর্মেনিয়া করিডোরটি রাশিয়া, মধ্য এশিয়া এবং পারস্য উপসাগর তীরবর্তী দেশগুলোর বাজারগুলোর মধ্যে একটি নির্ভরযোগ্য সেতু হিসেবে কাজ করতে পারে।#
পার্স টুডে/এসএ/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।