মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে সংঘাতে যাওয়ার কোনো ইচ্ছা ইরানের নেই: পেজেশকিয়ান
https://parstoday.ir/bn/news/iran-i157714-মধ্যপ্রাচ্যের_দেশগুলোর_সাথে_সংঘাতে_যাওয়ার_কোনো_ইচ্ছা_ইরানের_নেই_পেজেশকিয়ান
পার্সটুডে- ইরানের প্রেসিডেন্ট বলেছেন, যেসব দেশের ভূমি ব্যবহার করে আমাদের ওপর হামলা হচ্ছে কেবল সেইসব দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতেই আমরা হামলা চালাচ্ছি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১১, ২০২৬ ১২:৩৪ Asia/Dhaka
  • ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ
    ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ

পার্সটুডে- ইরানের প্রেসিডেন্ট বলেছেন, যেসব দেশের ভূমি ব্যবহার করে আমাদের ওপর হামলা হচ্ছে কেবল সেইসব দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতেই আমরা হামলা চালাচ্ছি।

ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক টেলিফোনালাপে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছেন।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ‘দুঃখজনকভাবে আগ্রাসীরা আমাদের প্রতিবেশী দেশগুলোর ভূমি ব্যবহার করে ইরানের মৌলিক অবকাঠামোসহ আমাদের সাধারণ জনগণ, হাসপাতাল ও স্কুলগুলোতে হামলা চালাচ্ছে। প্রথম দিনেই স্কুলে তাদের বর্বর হামলায় ১৬৮ জন ছাত্রী নিহত হয়েছে’।  

তিনি ইরানের প্রতিরক্ষামূলক নীতি বা কৌশলের কথা উল্লেখ করে বলেছেন, ‘এ অঞ্চলের প্রতিবেশী দেশগুলোতে হামলা চালানোর কোনো ইচ্ছা ইসলামি প্রজাতন্ত্র ইরানের নেই। আমরা কেবল সেইসব দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালাচ্ছি এবং এটা আমাদের আধিকার’।

তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, ‘আন্তর্জাতিক সমাজ ও বিভিন্ন সংস্থা যদি ইরানের বিরুদ্ধে অন্যায় সামরিক আগ্রাসনের বিষয়ে তদন্ত না করে তাহলে সারা বিশ্বের নিরাপত্তা ও শৃঙ্খলা ধ্বসে পড়বে’।

এই টেলিফোনালাপে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও ইরানের উপর ইসরায়েল-মার্কিন হামলার নিন্দা জানিয়ে ইরানের প্রতি পাকিস্তানের সরকার ও জনগণের গভীর সমবেদনা ও সংহতির কথা জানান।

তিনি ইরানের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার পাশাপাশি এ অঞ্চলের মুসলিম দেশগুলোর মধ্যে শক্তিশালী সম্পর্ক গড়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন।#

পার্সটুডে/এমআরএইচ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।