ইসরায়েল এ অঞ্চলে যুদ্ধ সম্প্রসারণ করতে চায়: পেজেশকিয়ানের সতর্কবার্তা
https://parstoday.ir/bn/news/iran-i158084-ইসরায়েল_এ_অঞ্চলে_যুদ্ধ_সম্প্রসারণ_করতে_চায়_পেজেশকিয়ানের_সতর্কবার্তা
পার্সটুডে- পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে এক টেলিফোনালাপে ইরানের প্রেসিডেন্ট এ অঞ্চলের দেশগুলোতে যুদ্ধ সম্প্রসারণে ইসরায়েলের অশুভ উদ্দেশ্য সম্পর্কে সতর্ক করেছেন।
(last modified 2026-04-09T15:13:27+00:00 )
মার্চ ২৯, ২০২৬ ০৭:২৭ Asia/Dhaka
  • ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ
    ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ

পার্সটুডে- পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে এক টেলিফোনালাপে ইরানের প্রেসিডেন্ট এ অঞ্চলের দেশগুলোতে যুদ্ধ সম্প্রসারণে ইসরায়েলের অশুভ উদ্দেশ্য সম্পর্কে সতর্ক করেছেন।

পার্সটুডে জানিয়েছে, শনিবার এক টেলিফোনালাপে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আঞ্চলিক ঘটনাবলী এবং ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও মার্কিন সামরিক আগ্রাসনের পরিণতি নিয়ে মতবিনিময় করেছেন।

এই আলাপে, ইরানের প্রেসিডেন্ট আগ্রাসনকারীরা ইরানের বিরুদ্ধে হামলায় কিছু মুসলিম দেশের ভূখণ্ড ব্যবহারের বিষয়ে দুঃখ প্রকাশ করেন এবং জোর দিয়ে বলেন: “এই হামলাগুলোর উৎসের প্রতি ইরানের আত্মরক্ষামূলক প্রতিক্রিয়া স্বাভাবিক। ইসলামী প্রজাতন্ত্র ইরান মুসলিম দেশগুলোকে তার ভাই হিসেবে বিবেচনা করে এবং একজন মুসলমানেরও ক্ষতি হোক তা চায় না।“

যুদ্ধ সম্প্রসারণের জন্য ইসরায়েলের ঘৃণ্য অভিপ্রায়ের ওপর জোর দিয়ে তিনি এই অঞ্চলের দেশগুলোকে সতর্ক করে বলেন, মুসলিম দেশগুলোকে অবশ্যই নিশ্চিত করতে হবে যেন আগ্রাসনকারীরা অন্য মুসলিম দেশগুলোতে হামলা চালানোর জন্য তাদের ভূমি ব্যবহার করতে না পারে।

মুসলিম দেশগুলোর মধ্যে অভিন্ন ধর্মীয় ও মানবিক সম্পর্কের কথা উল্লেখ করে পেজেশকিয়ান বলেন, অভিন্ন হুমকি, বিশেষ করে ইসরায়েলের আগ্রাসন মোকাবেলায় মুসলিম দেশগুলোর মধ্যে ব্যাপক সক্ষমতা রয়েছে।

এই আলোচনায়, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনের নিন্দা জানিয়ে, বিশেষ করে ইরানের অর্থনৈতিক অবকাঠামোর ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়ে, তাঁর দেশের নীতিগত অবস্থানের পুনরাবৃত্তি করেন এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতি পাকিস্তানের জনগণ ও সরকারের পূর্ণ সংহতির ওপর জোর দেন।#

পার্সটুডে/এমআরএইচ/এমএআর/২৯