কোনো অজুহাতে বিদেশি হস্তক্ষেপ বিপজ্জনক পরিণতি ডেকে আনবে: পেজেশকিয়ান
https://parstoday.ir/bn/news/iran-i158172-কোনো_অজুহাতে_বিদেশি_হস্তক্ষেপ_বিপজ্জনক_পরিণতি_ডেকে_আনবে_পেজেশকিয়ান
পার্সটুডে- ইরানের প্রেসিডেন্ট বলেছেন, মার্কিন-ইসরয়েলি সামরিক আগ্রাসন আইনের শাসনের চরম লঙ্ঘন এবং ইউরোপীয় ইউনিয়ন যে সমস্ত নীতি ও নিয়ম রক্ষা করার দাবি করে, তার উপর আঘাত।
(last modified 2026-04-09T15:13:27+00:00 )
এপ্রিল ০১, ২০২৬ ০৯:৫৮ Asia/Dhaka
  • মাসুদ পেজেকিয়ান
    মাসুদ পেজেকিয়ান

পার্সটুডে- ইরানের প্রেসিডেন্ট বলেছেন, মার্কিন-ইসরয়েলি সামরিক আগ্রাসন আইনের শাসনের চরম লঙ্ঘন এবং ইউরোপীয় ইউনিয়ন যে সমস্ত নীতি ও নিয়ম রক্ষা করার দাবি করে, তার উপর আঘাত।

পার্সটুডে জানিয়েছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিয়া কস্তা একটি টেলিফোনালাপে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে ইরানের উপর চাপিয়ে দেওয়া যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি ও পরিণতি এবং এই অঞ্চলের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা ও মতবিনিময় করেছেন।

এই টেলিফোনালাপে পেজেশকিয়ান, ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রকাশ্য আগ্রাসনের বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন এবং কিছু ইউরোপীয় দেশের নেতিবাচক দৃষ্টিভঙ্গি ও পক্ষপাতদুষ্ট অবস্থানের সমালোচনা করে বলেন: ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসন কেবল ইরানি জাতির বিরুদ্ধে একটি নজিরবিহীন অপরাধই নয়, বরং এটি আইনের শাসনের চরম লঙ্ঘন এবং সেই সমস্ত নীতি ও নিয়মের উপর বড় আঘাত যা রক্ষা করার দাবি ইউরোপীয় ইউনিয়ন করে থাকে।

তিনি আরও জোর দিয়ে বলেন, আগ্রাসনকারী ও তাদের সমর্থকদের জাহাজ ও নৌযানের জন্য হরমুজ প্রণালী বন্ধ রয়েছে। তিনি সতর্ক করে বলেন, এই যুদ্ধে এবং এই অঞ্চলের বর্তমান পরিস্থিতিতে যেকোনো অজুহাতে যেকোনো বিদেশি হস্তক্ষেপ বিপজ্জনক পরিণতি ডেকে আনবে।

এই টেলিফোনালাপে, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিয়া কস্তা, এই অঞ্চলে যুদ্ধ ও উত্তেজনা বন্ধ করার প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি বিশ্বে এই যুদ্ধের নেতিবাচক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিণতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে বলেন, ইউরোপীয় দেশগুলো ইরানের বিরুদ্ধে এই আগ্রাসনকে কখনোই সমর্থন করেনি এবং এটিকে আন্তর্জাতিক আইন ও নিয়মের লঙ্ঘন বলে উল্লেখ করেন। ইউরোপীয় কাউন্সিলের সভাপতিও আলোচনা ও শান্তিপূর্ণ উপায়ে সমস্যা নিরসনের আহ্বান জানিয়েছেন। #

পার্সটুডে/এমআরএইচ/এমএআর/১