সমঝোতা স্মারক সইয়ের মাত্র কয়েক ইঞ্চি দূরে থাকতে আমরা বাধাপ্রাপ্ত হয়েছি: আরাকচি
-
সাইয়্যেদ আব্বাস আরাকচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত সাম্প্রতিক আলোচনার কথা উল্লেখ করে বলেছেন, মার্কিন পক্ষের নতুন করে দেয়া হুমকি এবং অতিরিক্ত দাবি একটি সম্ভাব্য চুক্তিতে পৌঁছানোর সুযোগ নষ্ট করে দিয়েছে।
আজ (সোমবার) সকালে তার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বার্তায় আরাকচি লিখেছেন, "৪৭ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের নিবিড় আলোচনায় ইরান যুদ্ধ শেষ করার জন্য যুক্তরাষ্ট্রের সাথে সদিচ্ছা নিয়ে আলোচনায় বসেছিল। কিন্তু ইসলামাবাদে সমঝোতা স্মারক স্বাক্ষরের মাত্র কয়েক ইঞ্চি দূরে থাকতেই আমরা চরমপন্থা, বারবার লক্ষ্য পরিবর্তন এবং অবরোধের সম্মুখীন হয়েছি।"
আরাকচি মার্কিন আলোচকদের তিরস্কার করে বলেন, "কোনো শিক্ষাই নেওয়া হয়নি।" তিনি বলেন, "সদিচ্ছা সদিচ্ছাকেই জন্ম দেয়। শত্রুতা শত্রুতাকেই জন্ম দেয়।"
পাকিস্তানের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতির কয়েকদিন পর, ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসী যুদ্ধের স্থায়ী অবসান নিয়ে আলোচনা করতে শনিবার ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা মিলিত হন। ইসলামাবাদে ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে, যার জন্য ইরান যুক্তরাষ্ট্রের অতিরিক্ত ও অযৌক্তিক দাবিকে দায়ী করেছে। সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবফের নেতৃত্বে এবং আরাকচিকে সঙ্গে নিয়ে ইসলামি প্রজাতন্ত্র ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল রোববার বিকেলে ইসলামাবাদ থেকে তেহরানের উদ্দেশে রওনা হয়।#
পার্সটুডে/এমবিএ/এমএআর/১৩