সুযোগ থাকতেই বেরিয়ে যান: যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের প্রতি কলিবফের সতর্কবার্তা
-
মোহাম্মদ বাকের কলিবফ
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ সতর্ক করে বলেছেন, বিশ্বে রাজনৈতিক ও অর্থনৈতিক উত্তেজনা আরও বাড়লে যুক্তরাষ্ট্র-সম্পর্কিত সম্পদ বিক্রি করা কঠিন হয়ে যেতে পারে। তিনি বিনিয়োগকারীদের “সুযোগ থাকতেই বের হয়ে যাওয়ার” পরামর্শ দিয়েছেন।
আজ (শনিবার) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের আর্থিক নীতিতে এমন কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে, যার উদ্দেশ্য হলো হঠাৎ করে বড় পরিমাণে সম্পদ বিক্রি ঠেকানো। এর ফলে কিছু বড় বিনিয়োগকারী হয়তো তাদের সম্পদ পুরোপুরি বিক্রি করতে পারছেন না, বরং সীমিত পরিমাণে বিক্রি করতে বাধ্য হচ্ছেন।
কলিবফ আরও ইঙ্গিত দেন, পরিস্থিতি আরও খারাপ হলে এই সুযোগ আরও কমে যাবে বা সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে। তাই তিনি এটিকে “সময়-সংবেদনশীল সিদ্ধান্ত” হিসেবে উল্লেখ করেন।
ইরানের সংষদ স্পিকার দাবি করেন, যুক্তরাষ্ট্র বর্তমানে তাদের বন্ড বাজার স্থিতিশীল রাখতে খুবই সতর্ক অবস্থানে আছে। বিশেষ করে ট্রেজারি বন্ডের সুদের হার নিয়ন্ত্রণে রাখতে তারা চেষ্টা করছে, কারণ হঠাৎ সুদের হার বেড়ে গেলে বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে।
নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র প্রশাসন মিত্র দেশগুলোকে আর্থিক সহায়তা দিতে কারেন্সি সোয়াপ ব্যবস্থার মতো পদক্ষেপ নিয়ে আলোচনা করছে। প্রতিবেদন অনুযায়ী, মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং আরও কিছু দেশের জন্য এই ধরনের ব্যবস্থা সম্প্রসারণের পক্ষে মত দিয়েছেন, যেগুলো ইরান নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের কারণে প্রভাবিত হয়েছে।
সোমবার ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ইউএই নাকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানকে ঘিরে সামরিক অভিযানের অর্থনৈতিক ক্ষতির জন্য দায়ী করেছে।
প্রতিবেদনে বলা হয়, পারস্য উপসাগরে যুদ্ধ আরও গভীর হলে অর্থনীতিকে সুরক্ষিত রাখতে একটি আর্থিক সুরক্ষা ব্যবস্থার বিষয়ে ইউএই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করেছে। #
পার্সটুডে/এমএআর/২৫