ইরানের ১৪ দফা জবাব: যুদ্ধবিরতি নয়, যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি চায় তেহরান
পাকিস্তানের কূটনৈতিক মধ্যস্থতায় ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের ৯ দফা প্রস্তাবের জবাবে একটি ১৪ দফা প্রস্তাব পাঠিয়েছে। তেহরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, তারা অস্থায়ী যুদ্ধবিরতি নয়, বরং যুদ্ধের সম্পূর্ণ সমাপ্তি চায়।
যুক্তরাষ্ট্র তাদের প্রস্তাবে দুই মাসের যুদ্ধবিরতির আহ্বান জানালেও ইরান বলেছে, বিষয়গুলো মাত্র ৩০ দিনের মধ্যে চূড়ান্ত নিষ্পত্তি করতে হবে এবং আলোচনার মূল লক্ষ্য হতে হবে ‘যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি’, কেবল যুদ্ধবিরতি বাড়ানো নয়।
গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে তানসিম নিউজ জানিয়েছে,ইরানের ১৪ দফায় নিম্নলিখিত মূল শর্তগুলো অন্তর্ভুক্ত রয়েছে:
· সামরিক আগ্রাসন না করার কঠোর গ্যারান্টি
· ইরানের আশপাশের সব সামরিক ঘাঁটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার
· ইরানের বিরুদ্ধে আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার
· ইউরোপ ও এশিয়ার বিভিন্ন ব্যাংকে আটকে থাকা ইরানি সম্পদ মুক্ত করা
· যুদ্ধের ফলে ইরানের ক্ষয়ক্ষতির জন্য পূর্ণ ক্ষতিপূরণ
· সব ধরনের অর্থনৈতিক ও ব্যাংকিং নিষেধাজ্ঞা প্রত্যাহার
· লেবানন, সিরিয়া ও ইয়েমেনসহ সব ফ্রন্টে তাৎক্ষণিক যুদ্ধ বন্ধ
· হরমুজ প্রণালীর ট্রানজিট ও নিরাপত্তার জন্য নতুন আন্তর্জাতিক ব্যবস্থাপনা কাঠামো
ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এখন এই ১৪ দফা প্রস্তাবের জবাবে আমেরিকার আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছে।
পার্সটুডে/এমএআর/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন