মেজর জেনারেল রেজায়ি: যুক্তরাষ্ট্র এখন এক অচলাবস্থার মধ্যে পড়েছে
-
রেজায়ি
পার্সটুডে- ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সাবেক প্রধান কমান্ডার বলেছেন, যুক্তরাষ্ট্র এখন অচলাবস্থার মধ্যে পড়েছে।
ইরাকের সাদ্দাম সরকারের আরোপিত আট বছরের পবিত্র প্রতিরক্ষা যুদ্ধের সময় ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান কমান্ডার হিসেবে দায়িত্ব পালনকারী মেজর জেনারেল মোহসেন রেজায়ি রোববার ইমাম খোমেনী (রহ.) ও পবিত্র প্রতিরক্ষা যুদ্ধের শহীদদের স্মরণ করে বলেন, মার্কিন প্রেসিডেন্ট এবং মার্কিন সেনাবাহিনী বর্তমানে সম্পূর্ণ অচলাবস্থায় রয়েছে। যদি তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ায়, তাহলে তাদের সামনে এক অন্ধকার ও অন্তহীন করিডোর খুলে যাবে; যে করিডোর হরমুজ প্রণালী থেকে শুরু হয়ে পারস্য উপসাগর, ওমান সাগর, বাব আল-মান্দেব প্রণালী ও ভারত মহাসাগর পর্যন্ত বিস্তৃত হবে এবং অত্যন্ত বিস্তৃত যুদ্ধে রূপ নেবে।
মেজর জেনারেল রেজায়ি হরমুজ প্রণালী সম্পর্কে বলেন, এই প্রণালী পরিচালনার জন্য ইসলামী প্রজাতন্ত্র ইরানের শক্ত ভিত্তি রয়েছে। কারণ ইরান চায় না পারস্য উপসাগর সামরিক সমাবেশ ও অস্থিতিশীলতার কেন্দ্রে পরিণত হোক। ইসলামী প্রজাতন্ত্র ইরান এতদিন ধরে এই অঞ্চলে সামরিক আগ্রাসন ও অস্থিতিশীলতা প্রতিরোধ করে এসেছে।
তিনি আরও জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালী মুক্ত বাণিজ্যের জন্য বন্ধ নয়; বরং এটি যুদ্ধ ও সামরিক আগ্রাসনের উদ্দেশ্যে বন্ধ। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর বর্তমান ব্যবস্থাপনায় বিভিন্ন দেশের জাহাজ শনাক্তকরণ ও নিবন্ধনের পর নিরাপদে এই পথ অতিক্রম করতে পারছে।
আট বছরের পবিত্র প্রতিরক্ষা যুদ্ধের সময়কার আইআরজিসি প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রসঙ্গে বলেন, ইরান আন্তর্জাতিক এনপিটি চুক্তির সদস্য এবং দেশের পারমাণবিক কার্যক্রম সবসময় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার তত্ত্বাবধানে পরিচালিত হয়েছে। তিনি আরও বলেন, আইএইএ-এর পরিদর্শকরা ২০ থেকে ৩০ বারের বেশি ইরানের স্থাপনাগুলো পরিদর্শন করেছেন, এমনকি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোও ঘোষণা করেছে যে, ইরানের পারমাণবিক কার্যক্রমে কোনো বিচ্যুতি নেই।
পার্সটুডে/এসএ/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।