ইরান-পাকিস্তান প্রতিরক্ষা সংলাপ: আঞ্চলিক নিরাপত্তা জোট গঠনের আহ্বান
-
ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত প্রধান সাইয়্যেদ মাজিদ ইবন আল-রেজা।
পার্সটুডে: ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত প্রধান সাইয়্যেদ মাজিদ ইবন আল-রেজা যুদ্ধের সময় ইসলামাবাদের সমর্থন এবং ইরানের বিরুদ্ধে আগ্রাসনের নিন্দা জানানোর জন্য পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একইসঙ্গে তিনি মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য জোরদার এবং মুসলিম বিশ্বের একটি আঞ্চলিক নিরাপত্তা বলয় গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।
ইরনার বরাতে জানা যায়, রোববার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি পাকিস্তান সরকার ও সশস্ত্র বাহিনীর গঠনমূলক অবস্থানের প্রশংসা করেন।
ইবন আল-রেজা বলেন, কঠিন সময়ে বন্ধুদের সমর্থন ও সহযোগিতা ইরান কখনো ভুলবে না। তিনি বিশেষ করে ইরানের বিরুদ্ধে হামলার নিন্দা জানাতে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেন। সাম্প্রতিক সমঝোতা সত্ত্বেও ইরানের সশস্ত্র বাহিনী কোনো প্রতিশ্রুতি ভঙ্গকারী পক্ষের ওপর আস্থা রাখে না উল্লেখ করে তিনি সতর্ক করেন, সমঝোতার শর্ত লঙ্ঘিত হলে তার জবাব হবে কঠোর ও অনুতাপজনক।
গাজা, লেবানন ও সিরিয়ায় ইসরায়েলি কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, আঞ্চলিক উত্তেজনা ও সংকট সৃষ্টি করেই এই শাসনব্যবস্থা টিকে থাকতে চায়। তাই মুসলিম দেশগুলোর উচিত ঐক্য ও সমন্বয়ের মাধ্যমে এ প্রবণতা প্রতিহত করা। এ সময় তিনি ইরান, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, মিসরসহ অন্যান্য মুসলিম দেশকে নিয়ে একটি “আঞ্চলিক নিরাপত্তা বলয়” গঠনের প্রস্তাব পুনর্ব্যক্ত করেন এবং এ বিষয়ে আলোচনায় অংশ নিতে ইরানের প্রস্তুতির কথা জানান।
অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ ইরানি জনগণ ও সশস্ত্র বাহিনীর প্রতিরোধের প্রশংসা করে বলেন, তারা দৃঢ় শিলাখণ্ডের মতো আগ্রাসনের মোকাবিলা করেছে এবং এই প্রতিরোধ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
তিনি দুই দেশের সম্পর্ককে ভ্রাতৃত্বপূর্ণ আখ্যা দিয়ে বলেন, পাকিস্তানের জনগণ সবসময় ইরানের জনগণের প্রতি সহমর্মী এবং তাদের দৃঢ়তার প্রতি শ্রদ্ধাশীল।#
পার্সটুডে/এমবিএ/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।