আগামী দিনগুলোতে আমরা যুক্তরাষ্ট্রের সাথে কোনো পর্যায়েই আলোচনা করব না: বাকায়ি
-
ইসমাইল বাকায়ি
পার্সটুডে- ইরানের আলোচক দলের মুখপাত্র বলেছেন: আমরা আগামী দিনগুলোতে মার্কিন পক্ষের সাথে কোনো পর্যায়েই কোনো আলোচনায় বসবো না এবং মার্কিন প্রতিনিধিদের কাতার সফরের সাথে সমঝোতা স্মারক বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণের জন্য ইরানি প্রতিনিধিদলের সফরের কোনো সম্পর্ক নেই।
ইরানি ব্রডকাস্টিং এজেন্সিকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের আলোচক দলের মুখপাত্র ইসমাইল বাকায়ি সাংবাদিকদের প্রশ্নের জবাবে সমঝোতা স্মারক বাস্তবায়নের ওপর ইসলামী প্রজাতন্ত্র ইরানের ইচ্ছার ওপর জোর দিয়ে বলেছেন: ইরানের বর্তমান অগ্রাধিকার হলো সমঝোতা স্মারকের বাস্তবায়ন নিশ্চিত করা এবং এ ব্যাপারে আমরা আমাদের দাবিগুলো জোরালোভাবে তুলে ধরছি।
সমঝোতা স্মারকের বিভিন্ন ধারা, যার মধ্যে তেল বিক্রি এবং ইরানের জব্দকৃত সম্পদে অবাধ প্রবেশাধিকারের বিষয় অন্তর্ভুক্ত, সেগুলোর বাস্তবায়নের অবস্থা সম্পর্কে এক প্রশ্নের জবাবে বাকায়ি বলেন: ধারা ১০ (তেল বিক্রি)-এর অধীনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি প্রসঙ্গে, যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় অনুমতিপত্র জারি করেছে এবং আমরা এর বাস্তবায়ন প্রক্রিয়া অনুসরণ করছি। ধারা ১১ (ইরানের জব্দকৃত সম্পদ মুক্তি) প্রসঙ্গে, এর বাস্তবায়ন প্রক্রিয়াও অনুসরণ করা হচ্ছে। এই প্রেক্ষাপটে, ইরান থেকে এই সপ্তাহে একটি বিশেষজ্ঞ প্রতিনিধিদল দোহায় পাঠানো হবে।
নির্ধারিত ওয়ার্কিং গ্রুপগুলোর কাঠামোর মধ্যে একটি চূড়ান্ত চুক্তির জন্য আলোচনা শুরু হওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বাকায়ি বলেন: আমরা এখনও একটি চূড়ান্ত চুক্তির জন্য আলোচনার পর্যায়ে প্রবেশ করিনি; সমঝোতা স্মারকের ১৩ নং ধারা অনুযায়ী, একটি চূড়ান্ত চুক্তির জন্য আলোচনা শুরু হওয়াটা ১, ৪, ৫, ১০ এবং ১১ নং ধারার বাস্তবায়ন শুরু এবং সেগুলোর অব্যাহত বাস্তবায়নের উপর নির্ভরশীল।
ইরানি বিশেষজ্ঞ প্রতিনিধিদলের কাতার সফরের একই সময়ে ঊর্ধ্বতন মার্কিন প্রতিনিধিদের দোহা সফর সংক্রান্ত প্রকাশিত সংবাদের বিষয়ে বাকায়ি স্পষ্ট করে বলেছেন: আগামী দিনগুলোতে আমরা মার্কিন পক্ষের সাথে কোনো পর্যায়েই কোনো আলোচনা সভা করব না এবং মার্কিন প্রতিনিধিদের কাতার সফরের সাথে ইরানি প্রতিনিধিদলের সফরটি সমঝোতা স্মারকের ১১ নং অনুচ্ছেদসহ অন্যান্য বিধানের বাস্তবায়ন পর্যবেক্ষণের সাথে এর কোনো সম্পর্ক নেই।
পার্সটুডে/এমআরএইচ/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।