মিশরের দুটি জাহাজে হামলা: ইরানের সম্পৃক্ততা প্রত্যাখ্যান
ইসরায়েলের ‘ফলস ফ্ল্যাগ’ ষড়যন্ত্র সম্পর্কে মিশরকে সতর্ক করলেন আরাকচি
-
সাইয়্যেদ আব্বাস আরাকচি
পার্সটুডে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি মিশরকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের গুরুত্বপূর্ণ বন্ধু ও অংশীদার হিসেবে উল্লেখ করে অঞ্চলে ইসরায়েলের সম্ভাব্য ‘ফলস ফ্ল্যাগ’ (False Flag) অভিযানের বিষয়ে সতর্ক করেছেন।
আইআরআইবি নিউজ এজেন্সির উদ্ধৃতি দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন: "মিশর এই অঞ্চলের এক গুরুত্বপূর্ণ বন্ধু ও অংশীদার এবং দেশটির নিরাপত্তা আমাদের কাছে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ।"
আরাকচি জোর দিয়ে বলেন: "আমাদের সবাইকে ইসরায়েলের ষড়যন্ত্র এবং আঞ্চলিক শান্তি বিনষ্টের উদ্দেশ্যে তৈরি ‘ফলস ফ্ল্যাগ’ অপারেশনের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।" তিনি আরও যোগ করেন: "এই স্পষ্ট ও যৌথ হুমকিটি মূলত মুসলিম ঐক্যের ভয় থেকেই উদ্ভূত।"
এদিকে, মিশরের দামিয়াত (Damietta) বন্দরে দুটি জাহাজে ড্রোন হামলার ঘটনায় কিছু পশ্চিমা গণমাধ্যম ইরানের সম্পৃক্ততার যে জল্পনা ছড়িয়েছে, তা প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি। তিনি বলে, "মিশরের জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি ইরানের নীতিগত শ্রদ্ধাবোধ সবার কাছে সুস্পষ্ট এবং ইরান এ ধরনের ঘটনায় কোনো ধরনের জড়িত থাকার কথা স্পষ্টভাবে অস্বীকার করছে।"
মিশরে সংঘটিত হামলাগুলোকে সন্দেহজনক বলে অভিহিত করে বাগাই অঞ্চলের দেশগুলোকে আরও সতর্ক থাকার আহ্বান জানান, "বিশেষ করে শত্রুদের ষড়যন্ত্র, অঞ্চলে জটিল পরিস্থিতি সৃষ্টি এবং দেশগুলোর মধ্যে অবিশ্বাস ও মতভেদ তৈরির উদ্দেশ্যে ‘ফলস ফ্ল্যাগ’ (False flag) চালের অপারেশন নকশা ও বাস্তবায়নের বিষয়ে অত্যন্ত সতর্ক থাকতে হবে।"#
পার্সটুডে/এমএআর/৩১