ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার তীব্র নিন্দা
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি
পার্সটুডে-ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি ইরানের জ্বালানি, তেল ও গ্যাস খাতের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পাশাপাশি ইসলামি প্রজাতন্ত্র ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির সঙ্গে যুক্ত কয়েকজনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা আরোপের তীব্র নিন্দা জানিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইরানি জনগণের ওপর নিষেধাজ্ঞা আরোপের মার্কিন নীতি দেশটির নীতিনির্ধারকদের ইরানি জনগণের প্রতি শত্রুতাপূর্ণ মনোভাবের স্পষ্ট বহিঃপ্রকাশ এবং আইনের শাসন ও মানবাধিকারের প্রতি তাদের অবজ্ঞার প্রমাণ।
তিনি আরও বলেন, উন্নয়নশীল দেশগুলোর বিরুদ্ধে রাজনৈতিক ভয়ভীতি ও চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে অর্থনৈতিক নিষেধাজ্ঞার ওপর মার্কিন সরকারগুলোর কাঠামোগত নির্ভরতা জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের মৌলিক নীতি ও বিধানের লঙ্ঘন। এটি আইনের শাসন ও মুক্ত বাণিজ্যের ভিত্তিকে দুর্বল করার পাশাপাশি নিষেধাজ্ঞার আওতায় থাকা জনগণের মৌলিক মানবাধিকার-বিশেষ করে উন্নয়নের অধিকার-গুরুতরভাবে লঙ্ঘন করে এবং অনেক ক্ষেত্রে মানবতাবিরোধী অপরাধের শামিল।
বাকায়ি বলেন, ইরানের বিভিন্ন অর্থনৈতিক ও বাণিজ্যিক খাতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা অব্যাহত রাখা একটি দাদাগিরিপূর্ণ ও অবৈধ পদক্ষেপ, যা যুক্তরাষ্ট্রের সংলাপ ও আলোচনার দাবির সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। এটি এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সদিচ্ছার অভাব এবং তাদের আন্তরিকতার ঘাটতি প্রকাশ করে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, ইরানি জনগণের বিরুদ্ধে একতরফা নিষেধাজ্ঞা আরোপ আন্তর্জাতিক আইনের মৌলিক নীতি ও বিধানের পরিপন্থী একটি অবৈধ ও স্বেচ্ছাচারী পদক্ষেপ। এর ফলে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিকভাবে দায়বদ্ধ এবং এসব কথিত অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্রকে জবাবদিহি করতে হবে।#
পার্সটুডে/এনএম/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন