বিদেশিদের এই এলাকা থেকে উৎখাত করতে হবে: গারিবাবাদি
-
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি
পার্সটুডে- লার্ক দ্বীপে মার্কিন আগ্রাসনের পর, ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী ইরানি সশস্ত্র বাহিনীর দৃঢ় প্রতিক্রিয়ার প্রশংসা করে বলেছেন যে, বিদেশিদের এই এলাকা থেকে উৎখাত করতে হবে।
ইরানি ব্রডকাস্টিং কর্পোরেশনকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, লার্ক দ্বীপে মার্কিন হামলার পর ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন যে, ইরানি সশস্ত্র বাহিনী প্রমাণ করেছে যেকোনো স্তরে ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে যেকোনো পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে। তিনি আরও বলেন: বিদেশিদের এই এলাকা থেকে উৎখাত করতে হবে এবং তাদের উচিত শিক্ষা দিতে হবে, যাতে তারা ইরানের বিরুদ্ধে তাদের আগ্রাসনের পুনরাবৃত্তি না করে। রবিবার সন্ধ্যায় মার্কিন সন্ত্রাসী বাহিনী লার্ক দ্বীপের (দক্ষিণ ইরান) কিছু অংশে হামলা চালায়, যার ফলে বেশ কয়েকজন ইরানি সেনা সদস্য ও সাধারণ মানুষ হতাহত হন এবং সরকারি ও বেসরকারি সম্পত্তির ক্ষতিসাধন হয়। এই হামলার জবাবে ইরানের সশস্ত্র বাহিনী জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করে।
এ প্রসঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি জারি করে ঘোষণা দিয়েছে: এই সামরিক আগ্রাসনের জবাবে এবং আত্মরক্ষার সহজাত অধিকার অনুসারে, ইসলামী ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ওপর আঘাত হেনেছে, যে ঘাঁটিগুলোই ছিল ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক আগ্রাসনের উৎস।
বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে যে, “ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে দ্বিধা করবে না এবং শত্রুর যেকোনো সামরিক আগ্রাসনের যথাযথ ও চূড়ান্ত জবাব দেবে।” এতে আরও বলা হয়েছে: ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন আগ্রাসী কর্মকাণ্ড এবং নৌ অবরোধ ও অর্থনৈতিক যুদ্ধ অব্যাহত রাখার পরিণতির সম্পূর্ণ দায় মার্কিন শাসকগোষ্ঠী এবং সেই সমস্ত পক্ষের ওপর বর্তায়, যারা কোনো না কোনোভাবে যুক্তরাষ্ট্রের এই অবৈধ কর্মকাণ্ডের প্রস্তুতি ও বাস্তবায়নে জড়িত।#
পার্সটুডে/এমআরএইচ/৩১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন