তেহরানের বিরুদ্ধে আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীদের ভিত্তিহীন অভিযোগ প্রত্যাখ্যান
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে আরব লীগ পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ১৬৬তম অধিবেশনের চূড়ান্ত বিবৃতিতে ইরানের বিরুদ্ধে উত্থাপিত সকল মিথ্যা দাবি এবং ভিত্তিহীন অভিযোগ প্রত্যাখ্যান ও নিন্দা জানিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার বরাত দিয়ে পার্স টুডের প্রতিবেদন অনুযায়ী, ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে: এমন এক পরিস্থিতিতে যেখানে পশ্চিম এশীয় অঞ্চলের অশুভ ও নিরাপত্তাহীনতার প্রধান উৎস হিসেবে ইসরায়েল অধিকৃত ফিলিস্তিন, লেবানন, সিরিয়া এবং অন্যান্য আরব-মুসলিম দেশগুলোতে সামরিক আগ্রাসন, গণহত্যা এবং যুদ্ধাপরাধ চালাচ্ছে, সেখানে ফিলিস্তিনি জনগণকে সমর্থন এবং ইসরায়েলের দখলদারিত্ব ও সম্প্রসারণবাদের মোকাবিলার দিকে মনোযোগ না দিয়ে, কিছু আরব লীগ সদস্য দেশের ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগের ওপর জেদ করার কোনো যৌক্তিকতা নেই।
বিবৃতিতে আরও বলা হয়েছে: ইসলামী প্রজাতন্ত্র ইরান, তার সুপ্রতিবেশীসুলভ নীতির কথা স্মরণ করে, আঞ্চলিক দেশগুলোর মধ্যে ঐক্য জোরদার করার এবং বিভেদ সৃষ্টিকারী অবস্থান গ্রহণ পরিহার করার গুরুত্বের ওপর জোর দিচ্ছে।
বিবৃতিতে বলা হয়েছে: ইসলামী প্রজাতন্ত্র ইরান আবারও বু আলী, তুনবে বুজুর্গ এবং তুনবে কুচেক দ্বীপপুঞ্জের ওপর তার অবিসংবাদিত সার্বভৌমত্বের ওপর জোর দিচ্ছে, যা ইরানের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। এ বিষয়ে যেকোনো আঞ্চলিক দাবির নিন্দা জানিয়ে ইরান বলেছে, এই দ্বীপগুলোর ওপর ইরানের সার্বভৌমত্ব আন্তর্জাতিক আইনের স্বীকৃত নীতির ওপর প্রতিষ্ঠিত। রাজনৈতিক বিবৃতিতে ভিত্তিহীন দাবির পুনরাবৃত্তি এই দ্বীপগুলো সম্পর্কিত ভৌগোলিক, ঐতিহাসিক এবং আইনি বাস্তবতাকে পরিবর্তন করবে না।
বিবৃতিতে আরও বলা হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয় ইয়েমেনের অভ্যন্তরীণ বিষয়ে ইরানের হস্তক্ষেপ সংক্রান্ত দাবিগুলোকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে। ইসলামী প্রজাতন্ত্র ইরান ইয়েমেন-ইয়েমেন সংলাপকে সমর্থন করে এসেছে এবং একই সাথে ইয়েমেনের ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে।
বিবৃতিটির উপসংহারে বলা হয়েছে: ইসলামী প্রজাতন্ত্র ইরান জোর দিয়ে বলছে যে, পারস্য উপসাগর এবং ওমান সাগর অঞ্চলের নিরাপত্তা অবশ্যই উপকূলীয় দেশগুলোর পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এবং কোনো বিদেশি শক্তির হস্তক্ষেপ ছাড়াই নিশ্চিত করতে হবে। #
পার্সটুডে/এমআরএইচ/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।