ইরানের শহীদ রাজায়ি বন্দর থেকে ৫০ লক্ষাধিক টন তেলজাত পণ্য রপ্তানি
-
ইরানের শহীদ রাজায়ি বন্দর থেকে ৫০ লক্ষাধিক টন তেলজাত পণ্য রপ্তানি
পার্সটুডে- চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ইরানের শহীদ রাজায়ি বন্দর দিয়ে বিদেশে ৫১ লাখ ৪০ হাজার টন জ্বালানি তেলজাত পণ্য রপ্তানি করা হয়েছে।
ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের বন্দর ও নৌপরিবহন বিভাগের মহাপরিচালক হামিদরেজা মোহাম্মদ হোসেইনি তাখতি ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি-কে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সরকারের আরোপিত নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক বিধিনিষেধ জোরদার হওয়া এবং যুদ্ধের কঠিন পরিস্থিতির মধ্যেও ইরানের জ্বালানি তেলজাত পণ্যের রপ্তানি পুরোপুরি বন্ধ হয়নি। এ সময়ে ৩২৫টি জাহাজের মাধ্যমে এসব পণ্য বিদেশে পাঠানো হয়েছে।
মোহাম্মদ হোসেইনি তাখতি আরও বলেন, বৈদেশিক বাণিজ্যে নানা চ্যালেঞ্জ, আর্থিক সীমাবদ্ধতা ও নিষেধাজ্ঞাজনিত জটিলতা সত্ত্বেও জ্বালানি পণ্য রপ্তানির কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি জানান, কৌশলগত ভৌগোলিক অবস্থানের কারণে শহীদ রাজায়ি বন্দর ইরানের আমদানি-রপ্তানির অন্যতম প্রধান প্রবেশদ্বার। হরমুজ প্রণালির কাছাকাছি এবং পারস্য উপসাগরের প্রবেশমুখে অবস্থিত এই বন্দরটি আন্তর্জাতিক জাহাজ চলাচলের প্রধান পথের কাছেই। একই সঙ্গে উত্তর-দক্ষিণ ট্রানজিট করিডোরের সংযোগস্থলে থাকায় ইরানের বৈদেশিক বাণিজ্যে বন্দরটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।#
পার্সটুডে/এসএ/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।