জার্মান ভাইস-চ্যান্সেলনের সঙ্গে বৈঠক বাতিল করলেন জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i21994-জার্মান_ভাইস_চ্যান্সেলনের_সঙ্গে_বৈঠক_বাতিল_করলেন_জারিফ
ইরান সফররত জার্মান ভাইস-চ্যান্সেলর ও অর্থমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েলের সঙ্গে বৈঠক বাতিল করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ও পার্লামেন্ট স্পিকার আলী লারিজানি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৫, ২০১৬ ০২:২১ Asia/Dhaka
  • জার্মান ভাইস-চ্যান্সেলর ও অর্থমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল
    জার্মান ভাইস-চ্যান্সেলর ও অর্থমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল

ইরান সফররত জার্মান ভাইস-চ্যান্সেলর ও অর্থমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েলের সঙ্গে বৈঠক বাতিল করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ও পার্লামেন্ট স্পিকার আলী লারিজানি।

গতকাল (মঙ্গলবার) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে জারিফের সঙ্গে এবং পালামেন্ট ভবনে লারিজানির সঙ্গে গ্যাব্রিয়েলের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু কোনো কারণ ঘোষণা ছাড়াই বৈঠক দু’টি বাতিল করা হয়।

ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের গত বছরের পরমাণু সমঝোতার জের ধরে তেহরানের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করতে জার্মান ভাইস-চ্যান্সেলর ইরান সফর করছেন। তার সঙ্গে রয়েছে একটি শক্তিশালী বাণিজ্যিক প্রতিনিধি দল।

গত বছরের ওই সমঝোতার ভিত্তিতে চলতি বছরের গোড়ার দিকে ইরানের ওপর থেকে পরমাণু কর্মসূচিকেন্দ্রীক নিষেধাজ্ঞাগুলো তুলে নেয়ার ঘোষণা দিয়েছে পাশ্চাত্য।

তবে তেহরান সফরের আগ মুহূর্তে গত শুক্রবার গ্যাব্রিয়েল জার্মান পত্রিকা ডার স্পাইগেলকে দেয়া সাক্ষাৎকারে  বলেন, ইসরাইলকে স্বীকৃতি দিলেই কেবল জার্মানির সঙ্গে স্বাভাবিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ধরে রাখতে পারবে ইরান।

জার্মান ভাইস চ্যান্সেলরের ওই বক্তব্য তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জারিফ বলেছিলেন, ইরান একটি স্বাধীন দেশ এবং এদেশের ওপর শর্ত চাপিয়ে দেয়ার অধিকার কারো নেই। জারিফ আরো বলেন, “আমাদের নীতি অত্যন্ত পরিস্কার এবং ইরান সফরকারী সব বিদেশি কর্মকর্তা জানেন যে, এদেশের নীতি গঠনমূলক।”

ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে দেশটির ওপর একগুচ্ছ নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়ার আগে জার্মানি ছিল ইউরোপে ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার।  এ ছাড়া, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা সই হওয়ার পরপরই একটি শক্তিশালী বাণিজ্যিক প্রতিনিধিদল নিয়ে তেহরান সফর করেছিলেন জার্মান ভাইস-চ্যান্সেলর সিগমার গ্যাব্রিয়েল।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৫