ইরানি নারী ত্রাণ কর্মীকে কারাদণ্ড দিল ভারতীয় আদালত
ইরানের এক নারী ত্রাণকর্মীকে কারাদণ্ড দিয়েছে ভারত। ছয় বছর ধরে ভারতীয় অনাথ শিশুদের কল্যাণে নার্গিস কালবাসি আশতারি নামের এ নারী কাজ করেছেন বলে জানা গেছে।
ভারতের উড়িষ্যা প্রদেশে ২০১৪ সালে বনভোজনে আশতারির সঙ্গে কর্মরত এক ভারতীয় দম্পতির শিশু নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে তাকে এ শাস্তি দেয়া হয়। ঘটনার সময়ে বনভোজনে শিশুটির মা-বাবাও উপস্থিত ছিলেন। এ ঘটনাকে আদালত, তাদের ভাষায়, অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড হিসেবে অভিহিত করেছে। পারিশান চ্যারিটি ফাউন্ডেশনের প্রধান আশতারির দায়িত্ব পালনে গাফলতির জন্য এ ঘটনা ঘটেছে বলে সরকারি কৌসুলি দাবি করেছেন।
অবশ্য আশতারি এ অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। ঘটনার যথোপযুক্ত তদন্ত হয়নি বলেও জানান তিনি।
আশতারিকে এক বছরের কারাদণ্ড এবং ৪,৩০০ ডলার সমপরিমাণ অর্থ জরিমানা করেছে ভারতীয় আদালত। অবশ্য, আশতারি আদালতের এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে সম্প্রতি ইরানের প্রেসটিভিকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন। তিনি বর্তমানে জামিনে আছেন এবং আপিলের জন্য তাকে এক মাসের সময় দেয়া হয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/১৩