প্লাস্কো ভবনে নিহত ফায়ার সার্ভিস সদস্যদের দাফন সম্পন্ন (ভিডিও)
ইরানের রাজধানী তেহরানের প্লাসকো ভবনে অগ্নিকাণ্ড ও ধসের ঘটনায় ফায়ার সার্ভিসের নিহত ১৬ সদস্যের জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। তেহরানের বেহেশতি জাহরায় ১৩ জনের দাফন অনুষ্ঠান হয়েছে; বাকি তিনজনের মৃতদেহ পারিবারিক গোরস্তানে দাফনের জন্য নিজ নিজ এলাকায় পাঠিয়ে দেয়া হয়।
দাফনের আগে তেহরানের ইমাম খোমেনী ঈদগাহ ময়দানে ১৬ জনের বিশাল নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। তাতে অংশ নিয়েছেন সরকারের শীর্ষ পর্যায়ের অনেক কর্মকর্তাসহ লাখ লাখ মানুষ। ফায়ার সার্ভিসের সদস্যদের জানাযায় ব্যাপক মানুষকে অংশ নেয়ার সুযোগ করে দিতে তেহরানের মেট্রোরেলে আজ বিনা টিকেটে যাতায়াতের ব্যবস্থা করা হয়।
গত ১৯ জানুয়ারি সকালের দিকে প্লাস্কো ভবনে আগুন লাগে। আগুন লাগার তিন ঘণ্টার কিছু সময় পরে ১৭ তলা এ ভবন ধসে পড়ে। এ সময় আগুন নেভানোর দায়িত্বে থাকা ফায়ার সার্ভিসের বহু সদস্য ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েন। কয়েকদিনের প্রচেষ্টায় ভবনের ধ্বংসস্তুপ সরানো হয় এবং মোট ১৬ জন ফায়ার সার্ভিস কর্মীর মৃতদেহ উদ্ধার করা হয়েছিল।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩০