তেহরানে পর্দা উঠেছে ৩৫তম ফাজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের
ইরানে পঁয়ত্রিশতম ফাজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (এফআইএফএফ) শুরু হয়েছে গতকাল থেকে। দেশি বিদেশি বহু সাংস্কৃতিক ব্যক্তিত্বের উপস্থিতিতে গতকাল তেহরানে এই উৎসবের উদ্বোধন করা হয়।
ইরানের আমন্ত্রণে বিশ্বের ৬৬টি দেশ থেকে ১৭৭ জন চলচ্চিত্র নির্মাতা, নির্দেশক, প্রযোজকসহ ইরানি ও আন্তর্জাতিক চলচ্চিত্র কোম্পানি এবং সরবরাহকারী প্রতিষ্ঠানসহ ৩৫০ জন অতিথি ফাজর ফিল্ম উৎসবে যোগ দিয়েছেন।
অংশগ্রহণকারী দেশের মধ্যে রয়েছে ফ্রান্স, মোনাকো, লেবানন, বসনিয়া, তাইওয়ান, চীন, দক্ষিণ কোরিয়া, জাপান, রাশিয়া, ইতালি, মালয়েশিয়া, আফগানিস্তান, আজারবাইজান, সুইজারল্যান্ড, নরওয়ে, বাংলাদেশসহ বিশ্বের আরো বহু দেশ।
বাংলাদেশ থেকে এস.এ. টিভির চেয়ারম্যান ও বস্থাপনা পরিচালক (এমডি) সালাহউদ্দিন আহমেদসহ এরিমধ্যে চলচ্চিত্র অঙ্গনের অতিথিরা এসে পৌঁছেছেন।
ফাজর ফিল্ম উৎসবের নিজস্ব ওয়েবসাইটে লেখা হয়েছে, এবারের উৎসবে মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া এবং ককেশাস অঞ্চলকেন্দ্রিক ফিল্মের ওপরই গুরুত্ব দেওয়া হয়েছে। এবারের উৎসবরে মূল থিম হলো: “শান্তি ও বন্ধুত্বই মহানবীর প্রকৃত শিক্ষা”।
এ উৎসবে পোলান্ডের রিসজার্দ বুগাজস্কি’র ‘ব্লাইন্ডনেস’, ইন্দোনেশিয়ার রিরি রিজার ‘মাদার’, লাটভিয়ার ডেভিস সিমানিসের ‘এক্সাইলড’, বুলগেরিয়া ও গ্রিসের যৌথ উদ্যোগে নির্মিত ‘গ্লোরি’,কলাম্বিয়ার ইভান ডি গাওনার ‘গিলটি মেন’, রাশিয়ার আলিওনা দাভিদোভার ‘ইভান’, বাংলাদেশের অজ্ঞাতনামাসহ অন্যান্য দেশের স্বনামধন্য চলচ্চিত্রকারদের নির্মিত চলচ্চিত্র প্রদর্শিত হবে।
ফজর চলচ্চিত্র উৎসব এবারের জুরি বোর্ডের সদস্যরা হচ্ছেন, জার্মানির পরিচালক ফ্লোরিয়ান গ্যালেনবার্গার, মার্কিন চলচ্চিত্র নির্মাতা জেসিকা উডওয়ার্থ, পোলিশ পরিচালক লেস মাজেস্কি, জাপানের অভিনেত্রী মেইকো হারাদা, ইতালির প্রযোজক উবার্তো পাসোলিনি, অভিনেত্রী ফাতেমেহ মোতামেদ-আরিয়া ও পরিচালক রাসুল সাদরামেলি।
ইরানের সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় চলচ্চিত্র নির্মাতা রেজা মির কারিমি’র তত্ত্বাবধানে এই উৎসব চলবে ২৮ এপ্রিল পর্যন্ত।#
পার্সটুডে/নাসির মাহমুদ/আশরাফুর রহমান/২২