'ইরানি মেসি' রেজাকে নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে তোলপাড়
https://parstoday.ir/bn/news/iran-i37662-'ইরানি_মেসি'_রেজাকে_নিয়ে_আন্তর্জাতিক_গণমাধ্যমে_তোলপাড়
আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসির 'কার্বন কপি' হিসেবে পরিচিতি পাওয়া ইরানি ছাত্র রেজা পারাস্তেশকে নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে তোলপাড় চলছে। ইরানের গণমাধ্যমে তাকে নিয়ে কয়েক মাস আগে থেকে খবর প্রকাশ শুরু হলেও এখন বিবিসি, সিএনএন, ইএসপিএন, টেলিগ্রাফ, দ্য ইন্ডিপেডেন্ট, ভয়েস অব আমেরিকা, ইউরো স্পোর্টস, ডেইলি স্টারসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এ নিয়ে প্রতিবেদন প্রচার ও প্রকাশ করছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মে ১০, ২০১৭ ১৫:২১ Asia/Dhaka
  • (বামে) \'ইরানি মেসি\' রেজা পারাস্তেশ (ডানে) আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি
    (বামে) \'ইরানি মেসি\' রেজা পারাস্তেশ (ডানে) আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি

আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসির 'কার্বন কপি' হিসেবে পরিচিতি পাওয়া ইরানি ছাত্র রেজা পারাস্তেশকে নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে তোলপাড় চলছে। ইরানের গণমাধ্যমে তাকে নিয়ে কয়েক মাস আগে থেকে খবর প্রকাশ শুরু হলেও এখন বিবিসি, সিএনএন, ইএসপিএন, টেলিগ্রাফ, দ্য ইন্ডিপেডেন্ট, ভয়েস অব আমেরিকা, ইউরো স্পোর্টস, ডেইলি স্টারসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এ নিয়ে প্রতিবেদন প্রচার ও প্রকাশ করছে।

বাংলাদেশের যমুনা টিভি, একাত্তর টিভি এবং কয়েকটি পত্রিকা ও অনলাইনেও 'ইরানি মেসি' নামে পরিচিত রেজা পারাস্তেশকে নিয়ে ভিডিওসহ প্রতিবেদন প্রচার করেছে। ইরানের হামেদান প্রদেশের ২৫ বছরের যুবক রেজাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও আলোচনা তুঙ্গে।

ইরানি এ ছাত্র যেদিন প্রথম মেসির জার্সি গায়ে দেন সেদিনই তার বাবা অবাক হয়ে যান। এরপর তিনি বার্সেলোনার ১০ নম্বর জার্সি পরা রেজার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। মুহূর্তের মধ্যেই তা নিয়ে আলোচনার ঝড় ওঠে। কেউ যেন বিশ্বাসই করতে পারছিলেন না যে, তিনি মেসি নয়। কয়েকদিনের মধ্যেই 'ইরানিয়ান মেসি' হিসেবে পরিচিতি পান তিনি। তারপর থেকে যেখানেই যান, সেখানেই উৎসুক জনতা তাকে ঘিরে ধরে ছবি তোলার জন্য। বিশ্বের বড় বড় সংবাদমাধ্যমেও তার ছবি ও ভিডিও প্রকাশিত হয়েছে।

ইরানি মেসি খ্যাত রেজা পারাস্তেশ

এ বিষয়ে রেজা বলেন, ‘এখন সবাই আমাকে ইরানিয়ান মেসি নামেই চেনে। অনেকে তো বুঝেই উঠতে পারে না আমি আসলে কে! আমি সবার মাঝে এই আনন্দ ছড়িয়ে দিতে পেরে খুশি। মানুষের ভালোবাসাই আমাকে প্রেরণা যোগাচ্ছে।

তিনি বলেন, 'পৃথিবীর সেরা ফুটবল খেলোয়াড় মেসি। ও অনেক ব্যস্ত, ওর অনেক কাজ। আমি তার প্রতিনিধি হয়ে ওকে সাহায্য করতে চাই।'

ভক্তদের সঙ্গে ইরানি মেসি

রেজা পারাস্তেশ তার মেসি হয়ে ওঠার গল্পও শোনান সাংবাদিকদের। তিনি বলেন, ২০১৪ সালের বিশ্বকাপের গ্রুপপর্বে আর্জেন্টিরর মুখোমুখি হয় ইরান। ওই ম্যাচের একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত ম্যাচটি গোলশূন্য ছিল। কিন্তু ৯১ মিনিটে লিওনেল মেসির ফ্রি-কিকে জয় তুলে নেয় আর্জেন্টিনা। ওই ম্যাচের দিন আমি বাড়ির বাইরে ছিলাম। ম্যাচের পর বাবা আমাকে ফোন করলেন। বললেন, আজ রাতে বাড়ি ফেরা দরকার নেই। তুমি কেন ইরানের বিপক্ষে গোল করেছ? আমি বললাম, কিন্তু আমি তো গোল করিনি। আমি তো সে নই। বাবার খারাপ লাগবে বলে সেই রাতে আমি বাড়ি ফিরিনি। 

ইরানি মেসির সঙ্গে সেলফি তুলছে এক কিশোর

মানুষের অতি উৎসাহী আচরণ উপভোগ করলেও রেজাকে মাঝেমধ্যে খ্যাতির বিড়ম্বনায় পড়তে হচ্ছে। দু’দিন আগে হামাদান শহরের রাস্তায় গাড়ি চালিয়ে যাচ্ছিলেন তিনি। তাকে দেখে কয়েকশ উৎসুক দর্শক জড়ো হয়ে যায়। তারসঙ্গে ছবি তোলা ও কথা বলার জন্য সবার মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। এতে রাস্তায় প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। ট্রাফিক পুলিশ যানজটের কারণ দেখে অবাক। যানজট দূর করার জন্য তারা রেজাকে স্থানীয় একটি পুলিশ স্টেশনে নিয়ে যান। রাস্তা ফাঁকা হলে তাকে ছেড়ে দেয়া হয়। #

পার্সটুডে/আশরাফুর রহমান/১০