ইরানের প্রেসিডেন্ট নির্বাচন: ভোট দিচ্ছেন ১০২ দেশের প্রবাসীরা
-
চীন প্রবাসী ইরানিরা ভোট দিচ্ছেন
ইরানের ১২তম প্রেসিডেন্ট নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন প্রবাসে অবস্থানরত ইরানি নাগরিকরা। বিশ্বের ১০২টি দেশের ৩১০টি কেন্দ্রে তারা ভোটাধিকার প্রয়োগ করছেন।
ইরানের সংসদীয় ও প্রবাসী বিষয়ক প্রতিমন্ত্রী হাসান কাশকাভি গতকাল (বৃহস্পতিবার) জানান, আমেরিকায় ৫৫টি, সংযুক্ত আরব আমিরাতে ২১টি, ইরাকে ২২ এবং ব্রিটেনে ১২টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এছাড়া, রাশিয়া, চীন, ব্রিটেন, বাংলাদেশসহ অন্যান্য দেশে বাকি ২০০টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে।
তবে কানাডা প্রবাসী ইরানি নাগরিকদের ভোটগ্রহণের জন্য দেশটিতে কোনো কেন্দ্র স্থাপন করা যায় নি; তাদের জন্য আমেরিকা সীমান্তে কিছু কেন্দ্রে ভোট দেয়ার সুযোগ রাখা হয়েছে।
কাশকাভি জানান, প্রবাসে অবস্থানরত ইরানি নাগরিকরা স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোট দিতে পারবেন এবং ভোটগ্রহণ শেষ হবে সন্ধ্যা ৬টায়। তবে প্রয়োজন হলে সংশ্লিষ্ট দেশে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত ভোটগ্রহণের সময় বাড়াতে পারবেন।
পার্সটুডে/আশরাফুর রহমান/১৯