ইরানে ঐতিহাসিক খোররামশাহ্র মুক্ত করার দিবস পালিত হল
ফার্সি ১৩৬১ সালের ৩রা খোরদাদ বা ১৯৮২ সালের ২৩ মে ছিল ইসলামি প্রজাতন্ত্র ইরানের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন। এ দিন ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর খোররামশাহ্র ইরাকি বাহিনীর হাতে প্রায় ২০ মাস দখল থাকার পর ইরানের অকুতোভয় বীর যোদ্ধারা মুক্ত করেন। খোররামশাহরের জামে মসজিদের চূড়ায় আবার ইসলামের পতাকা ওড়ে।
১৯৭৯ সালের ১১ ফেব্রুয়ারি মরহুম ইমাম খোমেনী (রহ.)'র নেতৃত্বে ইরানে ইসলামী বিপ্লব সফল হওয়ার পর থেকেই এ বিপ্লব ধ্বংস করার জন্য পাশ্চাত্য হন্যে হয়ে চেষ্টা চালাতে থাকে। এ কাজে পাশ্চাত্যের সঙ্গে যোগ দেয় মধ্যপ্রাচ্যের কিছু আরব দেশ। পশ্চিমা ও আরব দেশগুলো ইরানের নবগঠিত ইসলামী শাসনব্যবস্থা উৎখাতের লক্ষ্যে ইরাকের স্বৈরশাসক সাদ্দামকে তেহরানের বিরুদ্ধে লেলিয়ে দেয়।
সাদ্দাম মাত্র তিন দিনে গোটা ইরান দখলের দাম্ভিক ঘোষণা দিয়ে যুদ্ধ শুরু করলেও ইরানি যোদ্ধাদের প্রবল প্রতিরোধের সম্মুখীন হয় এবং সে যুদ্ধ আট বছর স্থায়ী হয়। ইরানের এক ইঞ্চি ভূমি দখল ছাড়াই পিছু হঠে যায় পশ্চিমা ও আরব দেশগুলোর পৃষ্ঠপোষকতায় যুদ্ধ পরিচালনাকারী সাদ্দাম বাহিনী।