ইরান নিয়ে ভুল করছেন ট্রাম্প: ব্রিটিশ বাণিজ্য প্রতিনিধি
-
ব্রিটিশ বাণিজ্য প্রতিনিধি নরম্যান ল্যামন্ট
ইসলামি প্রজাতন্ত্র ইরান বিষয়ক ব্রিটিশ বাণিজ্য প্রতিনিধি নরম্যান ল্যামন্ট বলেছেন, ইরান এবং অধিকৃত ফিলিস্তিন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি সফরের সময় যে বক্তব্য দিয়েছেন তা ভুল ছিল। বরং পশ্চিমা দেশগুলো থেকে ইরান এর চেয়ে ভালো বক্তব্য আশা করতে পারে।
ব্লুমবার্গ টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে ল্যামন্ট বলেন, নির্বাচনী প্রচারণার সময় প্রেসিডেন্ট ড. হাসান রুহানি শুধু ইরানে বাইরের বিনিয়োগ আকর্ষণের বিষয়ে কথা বলেন নি বরং তিনি বাইরের জগতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়েও কথা বলেছেন। ল্যামন্ট আরো বলেন, “সৌদি আরবের নাম উল্লেখ করে প্রেসিডেন্ট রুহানি সুস্পষ্টভাবে বলেছেন যে, দু দেশের মধ্যে শত্রুতার প্রয়োজন নেই। এ অবস্থায় আমি মনে করি সৌদি আরবে বক্তব্য দেয়ার সময় প্রেসিডেন্ট ট্রাম্পের উচিত ছিল রুহানির এ বক্তব্যকে স্বীকার করা।”
ব্রিটিশ প্রতিনিধি বলেন, “ইরানের নিরাপত্তার বিষয়ে আমরা মোটেই মনযোগ দিচ্ছি না অথচ এ দেশটি অতীতে তার আরব প্রতিবেশীর মাধ্যমে আক্রান্ত হয়েছে এবং এখন আমরা ইরানের শত্রুদের কাছে অস্ত্র দিচ্ছি। ইরানের অবস্থান বুঝে এ বিষয়ে আমাদের সামান্য হলেও মনযোগ দেয়া উচিত।”
ব্রিটিশ এ রাজনীতিক বলেন, ইরানের বিষয়ে ট্রাম্পের অবস্থান ভুল এবং তেহরান মার্কিন প্রেসিডেন্টের এ অবস্থান ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। ইরানের বিরুদ্ধে ট্রাম্প সুন্নি-প্রধান দেশগুলো ও ইসরাইলকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে যা অত্যন্ত বিপজ্জনক নীতি। তিনি বলেন, যখন ইরান গঠনমূলক কোনো পদক্ষেপ নেয় তখন তার প্রতি পশ্চিমা প্রতিক্রিয়া সঠিক হওয়া উচিত।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৮