সমস্যা সমাধানের সেরা উপায় কূটনীতি: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i48274-সমস্যা_সমাধানের_সেরা_উপায়_কূটনীতি_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ইয়েমেনসহ আঞ্চলিক সমস্যা সমাধানের সেরা উপায় হচ্ছে কূটনীতি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০৮, ২০১৭ ২২:৪২ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ইয়েমেনসহ আঞ্চলিক সমস্যা সমাধানের সেরা উপায় হচ্ছে কূটনীতি।

তিনি বলেন, “আমরা যেমন অংশগ্রহণমূলক সংলাপের মাধ্যমে সিরিয়া সংকট সমাধানের দ্বারপ্রান্তে রয়েছি তেমনি ইয়েমেনের ক্ষেত্রেও একই উপায় অনুসরণ করা দরকার।”

জাওয়াদ জারিফ সুস্পষ্ট করে বলেছেন, “বোমা মেরে, হুমকি দিয়ে কিংবা পদত্যাগ করে নতুন সংকট চাপানো ঠিক হবে না। এমন কোনো সংকট নেই যা কূটনৈতিক উপায়ে সমাধান করা যায় না। আমরা একবার তা প্রমাণ করেছি। ইরানের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য কোনো সুনির্দিষ্ট এলাকা নয়।” বুধবার নিজের টুইটার অ্যাকাউন্টে এসব কথা বলেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী।

সৌদি হামলায় বিধ্বস্ত ইয়েমেন

২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরব ও কয়েকটি আরব দেশ ইয়েমেনের নিরাপরাধ অসহায় জনগণের ওপর বর্বর আগ্রাসন চালিয়ে আসছে। পাশাপাশি ইয়েমেনের ওপর জল, স্থল ও আকাশপথের সর্বাত্মক অবরোধ আরোপ করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। এ অবস্থায় ইয়েমেনের যোদ্ধারা সৌদি আরবের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে এবং সম্প্রতি সৌদি রাজধানী রিয়াদে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সৌদি আরব দাবি করেছে, সে ক্ষেপণাস্ত্র তারা আকাশেই ধ্বংস করেছে।

এরপর সৌদি আরব ও আমেরিকাসহ তার পশ্চিমা মিত্ররা ইরানকে দায়ী করে বলছে, তেহরান এসব ক্ষেপণাস্ত্র দিয়েছে। তবে ইরান তা সরাসরি নাকচ করেছে। কয়েকদিন আগে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, যুদ্ধ শুরু করেছে সৌদি আরব এবং তারই পরিণতিতে ইয়েমেনের যোদ্ধারা পাল্টা হামলা চালাচ্ছে। এজন্য ইরানকে দোষারোপ করে লাভ নেই।#       

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৮