ইরানের উপকূল বিদেশি বাহিনীর জন্য ফেরার পথহীন জাহান্নাম: অ্যাডমিরাল সাইয়ারি
https://parstoday.ir/bn/news/event-i161154-ইরানের_উপকূল_বিদেশি_বাহিনীর_জন্য_ফেরার_পথহীন_জাহান্নাম_অ্যাডমিরাল_সাইয়ারি
পার্সটুডে: ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর সমন্বয় বিষয়ক উপ-প্রধান জোর দিয়ে বলেছেন, ইরানের নৌ-ক্ষমতা এমন পর্যায়ে রয়েছে যে শত্রুপক্ষ জানে, ইরানের উপকূলে সেনা অবতরণ করার অর্থ এমন এক জাহান্নামে প্রবেশ করা, যেখান থেকে ফিরে যাওয়ার কোনো পথ থাকবে না।
(last modified 2026-07-08T14:58:16+00:00 )
জুলাই ০৮, ২০২৬ ২০:৫০ Asia/Dhaka
  • ইরানের সেনাবাহিনীর চিফ অব স্টাফ ও সমন্বয় বিষয়ক উপ-প্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি
    ইরানের সেনাবাহিনীর চিফ অব স্টাফ ও সমন্বয় বিষয়ক উপ-প্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি

পার্সটুডে: ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর সমন্বয় বিষয়ক উপ-প্রধান জোর দিয়ে বলেছেন, ইরানের নৌ-ক্ষমতা এমন পর্যায়ে রয়েছে যে শত্রুপক্ষ জানে, ইরানের উপকূলে সেনা অবতরণ করার অর্থ এমন এক জাহান্নামে প্রবেশ করা, যেখান থেকে ফিরে যাওয়ার কোনো পথ থাকবে না।

পার্স টুডে মেহর নিউজ এজেন্সির বরাতে জানিয়েছে, ইরানের সেনাবাহিনীর চিফ অব স্টাফ ও সমন্বয় বিষয়ক উপ-প্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের চ্যানেল ওয়ান-এর বিশেষ অনুষ্ঠান "আগায়ে. শহীদে ইরান"-এ বলেন, "ইরানের মাটি ৯ কোটি ইরানির জন্য একটি লাল রেখা।"

তিনি আরও বলেছেন, ইরানের নৌবাহিনী ধ্বংস এবং মাকরান উপকূল ও হরমুজ প্রণালী এলাকায় সেনা অবতরণ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছিলেন, তা ছিল সম্পূর্ণ ভিত্তিহীন। তাঁর ভাষায়, এসব দাবি কখনো বাস্তবে রূপ নেয়নি এবং শত্রুপক্ষ এমন পদক্ষেপ নেওয়ার সাহসও করেনি।

ইরানের সেনাবাহিনীর চিফ অব স্টাফ সশস্ত্র বাহিনীর শক্তির ওপর জোর দিয়ে বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী দৃঢ়প্রতিজ্ঞ, ঈমানদার এবং সর্বোচ্চ নেতৃত্বের প্রতি অনুগত জনশক্তিকে সঙ্গে নিয়ে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি), আইনশৃঙ্খলা বাহিনী, গণ-স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজ এবং ইরানি জনগণের সহযোগিতায় এতটাই শক্ত অবস্থানে রয়েছে যে শত্রুপক্ষ ইরানের উপকূলে সেনা নামানোর চিন্তাও করবে না।

অ্যাডমিরাল সাইয়ারি বলেন, দেশপ্রেম ও জাতীয় আত্মমর্যাদার দিক থেকে ইরানি জনগণের সঙ্গে অন্য কোনো দেশের জনগণের তুলনা হয় না। তাই শত্রুপক্ষ তাদের পরিকল্পনা বাস্তবায়নের সাহস করবে না।

তিনি আরও বলেন, ইরানের সশস্ত্র বাহিনী সম্পর্কে প্রতিপক্ষ প্রতিদিন বিভিন্ন বক্তব্য দেয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বার্তা প্রকাশ করে জনগণের মধ্যে ভীতি সৃষ্টি করার চেষ্টা করে। তবে তিনি ইরানি জনগণকে আশ্বস্ত করে বলেন, জনগণের সমর্থন নিয়ে দেশের সশস্ত্র বাহিনী দৃঢ়ভাবে প্রস্তুত রয়েছে। "আমাদের সীমান্ত সুরক্ষিত এবং আমরা কখনোই শত্রুকে আমাদের সীমান্তে কোনো ধরনের ক্ষতি করার সুযোগ দেব না।" #
 

পার্স টুডে/এমএএইচ/০৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।