হরমুজ প্রণালি সমঝোতা বাস্তবায়ন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পালনের ওপর নির্ভরশীল: গারিবাবাদি
https://parstoday.ir/bn/news/iran-i162642-হরমুজ_প্রণালি_সমঝোতা_বাস্তবায়ন_যুক্তরাষ্ট্রের_প্রতিশ্রুতি_পালনের_ওপর_নির্ভরশীল_গারিবাবাদি
পার্সটুডে-ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ব্যবস্থা নিয়ে ইরান ও ওমানের মধ্যে যে সমঝোতা হয়েছে, তা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে না।
(last modified 2026-08-30T10:12:01+00:00 )
আগস্ট ৩০, ২০২৬ ১৬:০৯ Asia/Dhaka
  • ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি
    ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি

পার্সটুডে-ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ব্যবস্থা নিয়ে ইরান ও ওমানের মধ্যে যে সমঝোতা হয়েছে, তা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে না।

কাজেম গারিবাবাদি বলেন: এই সমঝোতা বাস্তবায়ন নির্ভর করবে অপর পক্ষের-বিশেষ করে যুক্তরাষ্ট্রের-প্রতিশ্রুতি পূরণের ওপর।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের ওপর আরোপিত শর্ত ও প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত হলেই ইরানও হরমুজ প্রণালি নিয়ে নিজস্ব পদক্ষেপ নিতে প্রস্তুত থাকবে। তারা কোনো পদক্ষেপ না নিলে হরমুজ প্রণালি খুলে দেওয়ার ক্ষেত্রে ইরানেরও কোনো তাড়াহুড়ো নেই। বরং দেশ রক্ষা এবং শত্রুদের মোকাবিলায় ইরান তার কার্যক্রম চালিয়ে যাবে। তিনি বলেন, ইরান সবসময় যে-কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত।

নতুন মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গে গারিবাবাদি বলেন, শত্রুদের, বিশেষ করে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার প্যাকেজে নেওয়া সাম্প্রতিক পদক্ষেপ কোনো নতুন বিষয় নয়। এ পরিস্থিতির জন্যও ইরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি কূটনীতির টেবিলে ফিরে আসতে চায়, তাহলে তাদের জানা উচিত যে ইসলামাবাদ সমঝোতা ইরান লঙ্ঘন করে নি। বরং গত ১৬ মাসে তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্রই কূটনীতি ও আলোচনার টেবিলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।

হরমুজ প্রণালি দিয়ে কিছু জাহাজ অবাধে চলাচল করছে—এমন দাবিও অস্বীকার করেন গারিবাবাদি। তিনি বলেন, হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ রয়েছে। কোনো জাহাজ এই পথ দিয়ে চলাচল করলে তা অবশ্যই ইরানের সঙ্গে সমন্বয় ও অনুমোদনের মাধ্যমে হচ্ছে।

তিনি আরও জানান, ইরানের সশস্ত্র বাহিনী হরমুজ প্রণালির যে-কোনো তৎপরতার ওপর পূর্ণ নজরদারি রাখছে এবং তাদের দায়িত্ব সর্বোত্তমভাবে পালন করছে।#

পার্সটুডে/এনএম/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন