গারিবাবাদি: কূটনীতি ও যুদ্ধ—সব পরিস্থিতির জন্য প্রস্তুত ইরান
https://parstoday.ir/bn/news/iran-i163910-গারিবাবাদি_কূটনীতি_ও_যুদ্ধ_সব_পরিস্থিতির_জন্য_প্রস্তুত_ইরান
পার্সটুডে: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, ইরান যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। তিনি বলেন, কূটনীতি এবং দেশের প্রতিরক্ষা ও যুদ্ধ—উভয় পরিস্থিতি মোকাবিলায় ইরান প্রস্তুত রয়েছে।
(last modified 2026-10-13T09:16:22+00:00 )
অক্টোবর ১৩, ২০২৬ ১৫:০৪ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী কাজেম গারিবাবাদি 
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী কাজেম গারিবাবাদি 

পার্সটুডে: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, ইরান যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। তিনি বলেন, কূটনীতি এবং দেশের প্রতিরক্ষা ও যুদ্ধ—উভয় পরিস্থিতি মোকাবিলায় ইরান প্রস্তুত রয়েছে।

ইরানের সংবাদ সংস্থা ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, আল-আরাবি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে কাজেম ঘরিবাবাদি বলেন, নিউইয়র্কে ইরানের উপস্থাপিত প্রস্তাবের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো উদ্বেগ ও মতামতের জবাব চূড়ান্ত করার কাজ করছে তেহরান।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান এই সংলাপে অংশগ্রহণ অব্যাহত রেখেছে। তবে যুক্তরাষ্ট্র ইসলামাবাদ সমঝোতা স্মারকের আওতায় দেওয়া নিজেদের প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে।

এর আগে রোববার রাতে দক্ষিণ ইরানের বন্দর আব্বাসে দেশি-বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে গারিবাবাদি সাত দিনের পরিকল্পনা এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান সম্পর্কে কথা বলেন।

তিনি জানান, মধ্যস্থতাকারীদের মাধ্যমে পরিকল্পনাটি সংশ্লিষ্ট পক্ষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এবং যুক্তরাষ্ট্রের মতামতও পাওয়া গেছে। সেগুলো বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে। অভ্যন্তরীণ পর্যায়ে পর্যালোচনা ও সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর একই মধ্যস্থতাকারী প্রক্রিয়ার মাধ্যমে ইরানের জবাব জানানো হবে।

তিনি আরও বলেন, স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে যাওয়া এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়টি সম্পূর্ণভাবে নির্ভর করছে যুক্তরাষ্ট্রের আগের প্রতিশ্রুতিগুলো পালনের ওপর।

গারিবাবাদি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পূরণ করা এই প্রক্রিয়ার একটি মৌলিক ও অবিচ্ছেদ্য শর্ত। ইসলামি প্রজাতন্ত্র ইরানের পরবর্তী যেকোনো পদক্ষেপও এর ওপর নির্ভর করবে।#
 

পার্সটুডে/এমবিএ/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।