সিরিয়া অভিযানের মধ্যে ইরান সফর করলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i52655-সিরিয়া_অভিযানের_মধ্যে_ইরান_সফর_করলেন_তুর্কি_পররাষ্ট্রমন্ত্রী
সিরিয়ার আফরিন এলাকায় সামরিক অভিযানের মধ্যেই ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফসহ কয়েকজন কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ০৭, ২০১৮ ২১:৩৬ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট ড. হাসান রুহানির সঙ্গে (ডানে) মেভলুত চাভুসওগ্লুর বৈঠক
    প্রেসিডেন্ট ড. হাসান রুহানির সঙ্গে (ডানে) মেভলুত চাভুসওগ্লুর বৈঠক

সিরিয়ার আফরিন এলাকায় সামরিক অভিযানের মধ্যেই ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফসহ কয়েকজন কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু।

একদিনের জন্য ইরান সফরে এসে বুধবার চাভুসওগ্লু প্রথম বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে। এরপর তিনি প্রেসিডেন্ট রুহানির সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে আফরিন অভিযানসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে তিনি আলোচনা করেন। এছাড়া, গত ২৯ জানুয়ারি রাশিয়ার সোচি শহরে সিরিয়া ইস্যুতে অনুষ্ঠিত বৈঠকের ফলাফল নিয়েও তিনি কথা বলেন।

জাওয়াদ জারিফের সঙ্গে মেভলুত চাভুসওগ্লুর বৈঠক

সিরিয়ার আফরিন এলাকায় চলমান ‘অপারেশন অলিভ ব্রাঞ্চ’ বন্ধ করার জন্য ইরান তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছে। পাশাপাশি সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখার কথা বলেছে। রাশিয়াও আফরিনে তুর্কি অভিযানে উদ্বেগ প্রকাশ করেছে।

তুরস্কের এ অভিযানকে সিরিয়ার সরকার অবৈধ ও আগ্রাসনমূলক পদক্ষেপ বলে মন্তব্য করে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। দামেস্ক সরকার তুর্কি অভিযানের প্রথম দিকে বলেছিল, সিরিয়ার আকাশসীমা লঙ্ঘন করলে তুর্কি বিমান ভূপাতিত করা হবে। পরে অবশ্য সিরিয় বাহিনী সে ধরনের কোনে পদক্ষেপ নেয় নি।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৭