ভারত পৌঁছেছেন ড. রুহানি; সই হবে ১৫ চুক্তি ও সমঝোতা স্মারক
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি তিন দিনের সফরে আজ (বৃহস্পতিবার) ভারত পৌঁছেছেন। হায়দারাবাদ বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন তেলাঙ্গানা রাজ্যের গর্ভনরসহ উচ্চপদস্থ কর্মকর্তারা। এ সময় হায়দারাবাদে বসবাসকারী বিপুল সংখ্যক ইরানিও তাকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
ড. রুহানি হায়দারাবাদে দুই দিন অবস্থান করবেন। সেখানে তিনি ভারতের আলেমদের সঙ্গে বৈঠকের পাশাপাশি হায়দারাবাদ জামে মসজিদে জুমার নামাজ আদায় করবেন এবং সেখানে সমবেত মুসল্লিদের উদ্দেশে বক্তব্য রাখবেন।
আগামী শনিবার তিনি ভারতের রাজধানী নয়া দিল্লি যাবেন। সেখানে তাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হবে। শনিবার নয়া দিল্লি পৌঁছেই দেশটির প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যুতে আলোচনা হবে বলে ভারতের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে।
প্রেসিডেন্ট হাসান রুহানির নয়াদিল্লি সফর সম্পর্কে ভারতের দৈনিক ফিনান্সিয়াল এক্সপ্রেস লিখেছে, এ সফরে ইরানের চবাহার বন্দর উন্নয়নে দু’দেশের মধ্যে ৫০ কোটি ডলারের চুক্তি হতে পারে। সেইসঙ্গে সাগরের তলদেশে পাইপলাইন স্থাপনের মাধ্যমে ইরানের গ্যাস ভারতে আনার সম্ভাব্যতা নিয়েও আলোচনা হবে। রুহানির ভারত সফরের সময় দুই দেশের মধ্যে অন্তত ১৫টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৫