দায়েশ পশ্চিমাদের সৃষ্টি: ভারতীয় আলেমদের উদ্দেশে রুহানি
-
ভারতীয় আলেম ও ধর্মীয় নেতাদের উদ্দেশে বক্তব্য দিচ্ছেন ইরানের প্রেসিডেন্ট
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ সৃষ্টি করেছে পশ্চিমা দেশগুলো এবং এ গোষ্ঠী পবিত্র ইসলাম ধর্মের নামে মুসলমানদের মধ্যে বিভাজন তৈরি ছাড়া আর কিছুই করে নি।
ভারতের হায়দারাবাদ শহরে দেশটির বিশিষ্ট আলেম ও মুসলিম সম্প্রদায়ের নেতাদের সঙ্গে এক বৈঠকে প্রেসিডেন্ট রুহানি এ কথা বলেন। তিনি বলেন, মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করে পশ্চিমারা এসব দেশে দখলদারিত্ব কায়েম করেছে।
ইরানের প্রেসিডেন্ট বলেন, নানা পার্থক্য থাকলেও ইরাক ও সিরিয়ায় শত শত বছর ধরে মুসলমানরা ভ্রাতৃত্ব ও শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছিল। কিন্তু দায়েশ সৃষ্টির মাধ্যমে ধর্মীয় ভিন্নতার নামে হাজার হাজার মানুষ হত্যা করা হয়েছে। প্রেসিডেন্ট রুহানি ভারতকে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের বাসবাসের ক্ষেত্রে এক জীবন্ত ‘জাদুঘর’ বলে উল্লেখ করেন।
তিনি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান প্রথম থেকেই ধর্মীয় ঐক্য ও স্বাধীন নীতি গ্রহণের আহ্বান জানিয়ে আসছে। ‘ইরান পূর্বমুখী নীতি’ অনুসরণ করার পাশাপাশি যুদ্ধ ও সহিংসতা অবসানের জন্য আঞ্চলিক দেশগুলোর পাশে রয়েছে বলেও তিনি জানান।
ড. হাসান রুহানি জোর দিয়ে বলেন, মুসলিম দেশগুলোর সমস্যা অস্ত্র ও সামরিক উপায়ে সমাধান করা যাবে না বরং এজন্য যৌক্তিক সংলাপ শুরু করা জরুরি। তিনি সুস্পষ্ট করে বলেন, “আমরা কোনো মুসলিম দেশ কিংবা আঞ্চলিক বা বন্ধু দেশের সঙ্গে দূরত্ব সৃষ্টি করতে চাই না।”
প্রেসিডেন্ট রুহানি তিনদিনের সফরে গতকাল (বৃহস্পতিবার) ভারতের হাযদারাবাদ শহরে পৌঁছেছেন এবং সন্ধ্যায় তিনি সেখানে এ বক্তব্য দেন। তার সঙ্গে রয়েছে ২১ সদস্যের একটি গুরুত্বপূর্ণ প্রতিনিধিদল। সফরে বহুসংখ্যক বাণিজ্যিক ও অর্থনৈতিক চুক্তি এবং সমঝোতা স্মারক সই হবে বলে আশা করা হচ্ছে। শনিবার তিনি ভারতের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৬