মানবাধিকারের প্রতি বিন্দুমাত্র বিশ্বাস নেই আমেরিকার: ইরান
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি
ইরান বলেছে, মানবাধিকারের প্রতি আমেরিকার যে বিন্দুমাত্র বিশ্বাস নেই সেকথা বিশ্ববাসীর ভালো করে জানা আছে। ইরানের অভ্যন্তরীণ বিষয়ে একজন মার্কিন কর্মকর্তার হস্তক্ষেপমূলক বক্তব্যের প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি।
তিনি বলেন, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলা যে বেআইনি সে বোধটুকু পর্যন্ত মার্কিন কর্মকর্তাদের নেই।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মরগ্যান ওরতেগাজ সম্প্রতি ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে এদেশের নারীর অধিকার নিয়ে বিরূপ মন্তব্য করেন।
মুসাভি বলেন, সৌদি আরবের ৩৭ জন রাজনৈতিক কর্মীর শিরোশ্ছেদ ও ক্রুশবিদ্ধ করার ঘটনায় আমেরিকার লজ্জাজনক নীরবতা আরেকবার প্রমাণ করে দিয়েছে, মানবাধিকার নিয়ে ওয়াশিংটন তখনই কথা বলে যখন সংশ্লিষ্ট বিষয়ে তার স্বার্থ জড়িয়ে যায়।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সৌদি আরবে শিরোশ্ছেদের ব্যাপারে মার্কিন নীরবতা থেকে একথাও প্রমাণিত হয়েছে যে, আমেরিকা যে মানবাধিকারকে আগে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করত তা এখন কেনা-বেচার পণ্যে পরিণত হয়েছে।
মুসাভি তার দেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে বলেন, নিষেধাজ্ঞা আরোপের ফলে কষ্ট পাচ্ছে সাধারণ মানুষ এবং এক্ষেত্রে মানবাধিকারের যে চরম লঙ্ঘন ঘটছে তাতে আমেরিকার কিছু এসে যায় না।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমেরিকার অভ্যন্তরে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের অধিকার মারাত্মকভাবে লঙ্ঘন করে যাচ্ছে মার্কিন সরকার। সেইসঙ্গে বিশ্বের দেশে দেশে সামরিক অস্ত্র বিক্রি করে নিরপরাধ মানুষকে হত্যা করার সুযোগ করে দিচ্ছে আমেরিকা। #
পার্সটুডে/ মো.মুজাহিদুল ইসলাম/২