‘ইরান ফ্রান্সের মতো পরমাণু সমঝোতা মেনে চলতে সম্পূর্ণ প্রস্তুত’
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি
ইরানকে পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলার জন্য ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় যে আহ্বান জানিয়েছিল সে সম্পর্কে কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, গত এক বছর ধরে ফ্রান্সসহ তার ইউরোপীয় মিত্ররা যেভাবে পরমাণু সমঝোতা বাস্তবায়ন করেছে ইরান ঠিক একইভাবে বাস্তবায়ন করতে পূর্ণ প্রস্তুত রয়েছে। এভাবে বাস্তবায়ন করলে ফ্রান্সের কাছ তা বেশি গ্রহণযোগ্য হবে বলেও কটাক্ষ করে মুসাভি।
ইরান সম্প্রতি ৩.৬৭ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পরিমাণ চার গুণ বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে গতকাল (মঙ্গলবার) সে সম্পর্কে প্রতিক্রিয়া জানান ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অ্যাগনেস ভন ডার মুল। তিনি বলেন, ইরান এতদিন যেভাবে পরমাণু সমঝোতার প্রতিটি ধারা মেনে চলেছে ভবিষ্যতেও ঠিক সেভাবে মেনে চলবে বলে প্যারিস আশা করছে।
মার্কিন সরকার ২০১৮ সালের মে মাসে অন্যায়ভাবে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ফ্রান্স’সহ এতে স্বাক্ষরকারী বাকি দেশগুলো এ সমঝোতা টিকিয়ে রাখার প্রত্যয় ব্যক্ত করে। ইউরোপীয় দেশগুলো ইরানকে পরমাণু সমঝোতায় টিকে থাকার আহ্বান জানিয়ে ঘোষণা দেয়, এ সমঝোতায় ইরানের যেসব অর্থনৈতিক সুবিধা পাওয়ার কথা ছিল তেহরানকে তা দেয়া হবে। কিন্তু গত এক বছরেরও বেশি সময়ে ইউরোপীয় দেশগুলো এক্ষেত্রে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি।
এর প্রতিবাদে গত ৮ মে পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ার প্রথম বার্ষিকীতে ইরান ঘোষণা দেয়, দেশটি এ সমঝোতার ২৬ ও ৩৬ নম্বর ধারার বাস্তবায়ন স্থগিত রাখবে। এরপর ইরানের আণবিক শক্তি সংস্থা গতকালই ঘোষণা দেয় নিজের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা চারগুণ বাড়াবে সংস্থাটি।
কিন্তু ফ্রান্স এক বছর ধরে ইরানকে সুবিধা দিয়ে কোনো পদক্ষেপ না নেয়া সত্ত্বেও পাওনাদারের মতো তেহরানকে খালি মুখে পরমাণু সমঝোতা মেনে চলার আহ্বান জানাচ্ছে; যেকারণে ইরানের মুখপাত্র কটাক্ষ করে বলেছেন, ফ্রান্স যেভাবে এ সমঝোতা মেনে চলছে ইরানও একইভাবে মেনে চলতে প্রস্তুত রয়েছে।#
পার্সটুডে/মো. মুজাহিদুল ইসলাম/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।