‘ইরান আর একতরফাভাবে পরমাণু সমঝোতা বাস্তবায়ন করবে না’
https://parstoday.ir/bn/news/iran-i71702-ইরান_আর_একতরফাভাবে_পরমাণু_সমঝোতা_বাস্তবায়ন_করবে_না’
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি তার ফরাসি সমকক্ষের এক বক্তব্যের জবাবে বলেছেন, ইউরোপীয়রা তাদের প্রতিশ্রুতি কতটুকু বাস্তবায়ন করে তার ওপর ভিত্তি করে ইরান নিজের প্রতিশ্রুতি রক্ষা করবে। তিনি প্যারিসকে উদ্দেশ করে বলেন, “আপনারা যতক্ষণ পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি রক্ষা করবেন আমরাও ততক্ষণ এতে টিকে থাকব এবং আপনাদের দেখাদেখি আমরা আমাদের প্রতিশ্রুতি পালন করব।”
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৪, ২০১৯ ০১:১৭ Asia/Dhaka
  • ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অ্যাঙ্গেস ভন ডার মুল
    ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অ্যাঙ্গেস ভন ডার মুল

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি তার ফরাসি সমকক্ষের এক বক্তব্যের জবাবে বলেছেন, ইউরোপীয়রা তাদের প্রতিশ্রুতি কতটুকু বাস্তবায়ন করে তার ওপর ভিত্তি করে ইরান নিজের প্রতিশ্রুতি রক্ষা করবে। তিনি প্যারিসকে উদ্দেশ করে বলেন, “আপনারা যতক্ষণ পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি রক্ষা করবেন আমরাও ততক্ষণ এতে টিকে থাকব এবং আপনাদের দেখাদেখি আমরা আমাদের প্রতিশ্রুতি পালন করব।”

সাইয়্যেদ আব্বাস মুসাভি সুস্পষ্ট ভাষায় বলেন, ইরান কোনো অবস্থাতেই আর একতরফাভাবে পরমাণু সমঝোতা বাস্তবায়ন করবে না।

এর আগে বুধবার বিকেলে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অ্যাঙ্গেস ভন ডার মুল দাবি করেন, পরমাণু সমঝোতার কিছু ধারার বাস্তবায়ন স্থগিত রেখে ইরান কোনো কিছু অর্জন করতে পারবে না। তিনি ইরানকে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ৩০০ কেজির নীচে নামিয়ে আনার আহ্বান জানান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ গত সোমবার ইউরোপীয়দের পক্ষ থেকে পরমাণু সমঝোতা বাস্তবায়ন না করার প্রতি ইঙ্গিত করে সাংবাদিকদের জানান, তার দেশ এ সমঝোতার ৩৬ নম্বর ধারা অনুযায়ী সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ৩০০ কেজি অতিক্রম করেছে।

পরমাণু সমঝোতা থেকে আমেরিকার অন্যায়ভাবে বেরিয়ে যাওয়ার এক বছর পূর্তিতে গত ৮ মে ইরান ঘোষণা করে, ইউরোপীয়দের পক্ষ থেকে পরমাণু সমঝোতা বাস্তবায়ন না করায় তার দেশ এ সমঝোতার ২৬ ও ৩৬ নম্বর ধারা অনুযায়ী এটির কিছু কিছু ধারার বাস্তবায়ন স্থগিত রাখবে। তেহরান ইউরোপীয় দেশগুলোকে ৬০ দিনের সময়সীমা বেধে দিয়ে জানিয়ে দেয়, তারা যদি ইরানের তেল রপ্তানি ও ব্যাংকিং লেনদেন চালু সংক্রান্ত প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয় তাহলে ওই সময়সীমার পর আরো বেশি পদক্ষেপ গ্রহণ করবে তেহরান। #

পার্সটুডে/মো. মুজাহিদুল ইসলাম/৪